সন্ধান২৪.কম : হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেননেশাগ্রস্ত ছেলের দায়ের কোপে গর্ভধারিণী মা। ঘৃণ্য এ ঘটনাটি বুধবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভোলাচং গ্রামে ঘটেছে।
উপজেলার ভোলাচং গুণীন পাড়ার বাসিন্দা মৃত হান্নান মিয়ার ছেলে জাকির হোসেন (৩৫) এলাকায় একজন ভয়ংকর নেশাগ্রস্ত হিসেবে পরিচিত বলে এলাকাবাসী জানান ।
গত বুধবার সকালে মাদকাসক্ত জাকির তার মা মালেকা বানুর (৬০) কাছে এসে নেশা করার জন্য টাকা চায়। কিন্তু মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ছেলে জাকির তাতে ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা বটি দা এনে মায়ের ঘাড়ে ও মাথায় এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। এসময় মমায়ের আর্তচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে মাদকাসক্ত জাকির পালিয়ে যায়।
পরে গুরুতর আহত মাকে দ্রুত উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকদের পরামর্শে মাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পরে সেখানেও অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় মাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে এনে ভর্তি করানো হয়। বর্তমানে মায়ের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন স্বজনরা।


