স্পেনিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের প্রাণভ্রমরা ও ফরাসি ফুটবলার করিম বেনজেমা দেশটির এক কট্টরপন্থি রাজনীতিকের বিরুদ্ধে মামলা করেছেন।
জঙ্গি বলে কটাক্ষ করায় ৩৪ বছর বয়সি এ ফরাসি তারকা ডেমিন রিও নামে ওই রাজনীতিকের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। খবর আরব নিউজের।
ফরাসি পত্রিকা লা প্যারিসিয়ায় গত বৃহস্পতিবার এ খবর প্রকাশিত হয়। রাজধানী প্যারিসের এক মসজিদের ইমাম নুরুদ্দিন মামুনের সঙ্গে ২০২০ সালে সাক্ষাৎ করেছিলেন করিম বেনজেমা।
ওই বছরই মহানবী হযরত মোহাম্মদের (স.) ব্যঙচিত্র দেখিয়ে মতপ্রকাশের স্বাধীনতা ব্যাখ্যা করেছিলেন প্যারিসের শিক্ষক স্যামুয়েল প্যাটি। সে জন্য তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। সেই হত্যাকাণ্ডের পর ফ্রান্সজুড়ে চরমপন্থিদের বিরুদ্ধে পুলিশের অভিযান চালায় পুলিশ।
একপর্যায়ে ফরাসি ইমাম নুরুদ্দিন মামুনের বাসায় অভিযান চালায় পুলিশ। এ ঘটনার দুটি ছবির সঙ্গে করিম বেনজেমার ছবি সংযুক্ত করে টুইট পোস্ট করেন ডেমিন রিও নামে ওই রাজনীতিক।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে আদালতে মামলা করেন রিয়াল তারকা করিম বেনজেমা।


