সন্ধান২৪.কম ঃ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বুকে ফের স্টেন্ট বসানো হতে পারে। তবে সব কিছুই নির্ভর করে তাঁর শারীরিক পরীক্ষার রিপোর্টের উপরে। বুধবার বুকে ব্যথা অনুভব করার পর, বিসিসিআই সভাপতিকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যে তাঁর ইকো কার্ডিয়োগ্রাম এবং ইসিজি করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সৌরভকে দেখতে ফের শহরে আসতে পারেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি।
হাসপাতাল সূত্রের খবর, বিষয়টি গুরুতর কিছু নয়। বৃহস্পতিবার অ্যাঞ্জিওগ্রাম এবং রক্ত পরীক্ষা হবে। কবে স্টেন্ট বসানো হবে, তার পরেই সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার রাত থেকে বুকে ব্যথা অনুভব করছিলেন তিনি। ব্যথা বাড়তে থাকলে পরদিন তাকে ভর্তি করা হয় হাসপাতালে।
বলা হয়েছে, গাড়ি থেকে নেমে হেঁটে হাসপাতালে ঢোকেন সৌরভ। তবে এরই মধ্যে করানো ইকো ও ইসিজিতে তার সমস্যা ধরা পড়েছে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি।
অবশ্য এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে সংবাদমাধ্যমগুলোয়।
এ মাসের শুরুতেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সৌরভকে। বাড়িতে জিম করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন তিনি। সেসময় কলকাতার উডল্যান্ড হাসপাতালে পাঁচ দিনের চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন ভারতের সাবেক অধিনায়ক।
ওই সময় কলকাতার বিভিন্ন গণমাধ্যম জানায়, তার হৃদযন্ত্রে তিনটি ব্লকেজ ধরা পড়ার কথা। যার একটিতে স্টেন্টও বসানো হয়েছে।


