সন্ধান২৪.কম: বর্তমান অর্ন্তবর্তী সরকারের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদী মানববন্ধন রচনা করলো ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশ’।
বর্তমানে বাংলাদেশে অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপটে নিউইয়র্কে নতুন গড়ে ওঠা এই সংগঠনটি গত ২৮ সেপ্টেম্বর সন্ধায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এই সমাবেশ করে।
অনুষ্ঠানের শেষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়ের নেতৃত্বে বাংলাদেশের জাতিয় সংগীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ সমবেত কন্ঠে পরিবেশন করা হয়।

বর্ষীয়ান সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়,মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য্য, মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস,৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রনেতা মুজাহিদ আনসারী, লেখক সাগর লোহানী, গবেষক ও লেখক ওবায়দুল্লাহ মামুন, সাংস্কৃতিক কর্মী মিনহাজ আহমেদ শাম্বু, মোহাম্মদ উল্লাহ পলাশ, আসলাম আহমেদ খান, মোর্শেদ শাহ আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা জাকির হোসেন বাচ্চু।
আরও উপস্থিত ছিলেন আলীম উদ্দিন, তোফাজ্জল লিটন, হিরো চৌধুরী, প্রতীমা সরকার, শরাফ সরকার, তুহিন মাহফুজ, ফাহমিদা চৌধুরী লুনা,ক্লারা রোজারিও প্রমূখ।

সমাবেশ থেকে মানববন্ধনে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস, সংবিধান পরিবর্তনের উদ্যোগ, মসজিদ-মন্দির ও মাজার ভাঙচুর, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ও স্থাপনা ধ্বংস, জাতীয় সংগীত পরিবর্তনের ঔদ্ধত্য প্রদর্শন, মুুক্তিযোদ্ধার কবরে অগ্নিসংযোগ তীব্র প্রতিবাদ করা হয়।
মানববন্ধন থেকে মুক্তিযুদ্ধের পক্ষের বিশিষ্ট ব্যক্তিদের ঢালাও ভাবে গ্রেফতার, চট্টগ্রাম-ঢাবি-জাবি এবং রাজধানীসহ দেশজুড়ে সহিংস গণপিটুনী ও নৃশংস খুন-হত্যা, সংখ্যালঘুদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও নির্যাতন,পাহাড়ী জনগোষ্ঠীর উপর বিদ্বেষমূলক সাম্প্রদায়িক আক্রমণসহ নানা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানের আহ্বান জানান। প্রসঙ্গ : দিনভর বৃষ্টি উপেক্ষা করে এই সমাবেশের আয়োজন করা হয়।


