সন্ধান২৪.কম : যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিএনপি। দলটির প্রত্যাশা, বাইডেন বিশ্বে শান্তি, নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় জোরালো অবদান রাখবেন। রবিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
অভিনন্দন বার্তায় মির্জা ফখরুল বলেন, ‘জো বাইডেনের এই ঐতিহাসিক বিজয়ে বন্ধুপ্রতিম যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণও আনন্দিত।’

বিএনপি মহাসচিব অভিনন্দন বার্তায় বাংলাদেশের জনগণ, বিএনপি ও তার নিজের পক্ষ থেকে জো বাইডেনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ফখরুল আশা প্রকাশ করে বলেন, ‘জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবেন। একই সঙ্গে বিশ্বে শান্তি, নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় জোরালো অবদান রাখবেন।’
তিনি বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আমলে দুই দেশের গভীরতম সম্পর্কের কথা উল্লেখ করে আশা প্রকাশ করেন, জো বাইডেন সেই ধারাকে এগিয়ে নিয়ে যাবেন।
বিএনপি মহাসচিব জো বাইডেনের সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে অভিনন্দন বার্তায় মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়ে তার সর্বাঙ্গীণ সাফল্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন ফখরুল।


