সন্ধান২৪.কমঃ ‘বাচনিক সম্মাননা-২০২২’ সম্মাননা পাচ্ছেন বাংলাদেশের আবৃত্তিশিল্প আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, আবৃত্তি শিল্পী, আবৃত্তি প্রশিক্ষক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট যুক্তরাষ্ট্র শাখার অন্যতম সংগঠক মিথুন আহমেদ। এই সম্মাননা প্রদান করছে কানাডার ‘বাচনিক’ সংগঠন।
আগামী ৫ নভেম্বর কানাডায় অনুষ্ঠিত বাচনিকের ১০ম বাৎসরিক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হবে।
‘বাচনিক’ কানাডা, প্রতি বছর বিশেষ করে কবিতা ও আবৃত্তি শিল্পে অনবদ্য ভূমিকার জন্য একজন গুণী ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করে আসছে। কবি আসাদ চৌধুরী, হাসান মাহমুদ, দেলওয়ার এলাহী, রাশেদা মুনীর, রূমানা চৌধুরী’র মতো আলোকিত ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত বাচনিক উপদেষ্টা পরিষদ ও বাচনিক পরিবারের সকল আবৃত্তিশিল্পীরা মিথুন আহমেদকে এই সম্মাননা প্রদান করার জন্য মনোনীত করেছেন।
আবৃত্তিশিল্পের বিকাশে তাঁর ধারাবাহিক অসাধারণ ভূমিকার জন্য মিথুন আহমেদকে নির্বাচন করা হয়েছে। কবিতার সাথে মিথুন আহমেদ বাংলাদেশের জাতীয় পরিস্থিতির সংকটে- রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগ্রাম-আন্দোলনে সক্রিয় অংশগ্রহণে গুরত্বর্পূণ ভূমিকা পালন করে আসছেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, ঘাতক দালান নির্মূল কমিটি, ১৪০০ সাল উদযাপন কমিটি এবং নব্বইয়ের স্বৈরাচার বিরোধী গণআন্দোলনের তিনি একজন সাহসী সাংস্কৃতিক সহযোদ্ধা হিসেবে নিউইয়র্ক কমিউনিটিতে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।


