সন্ধান২৪.কম : একটি মসজিদের নাম পরিবর্তন নিয়ে প্রায় আধঘণ্টা ব্যাপী দুই পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ২০ ব্যক্তি আহত হয়েছে । সংঘর্ষের ঘটনায় জড়িত থাকায় উভয় পক্ষের ৭ জনকে আটক করেছে পুলিশ। আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের হাতধনালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে জাউয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাতধনালী গ্রামের হাজী সিরাজ মিয়া জামে মসজিদের নাম পরিবর্তন করা নিয়ে গ্রামের হাজী সিরাজ মিয়ার পুত্র, ইউপি সদস্য শাহ এমরান ও একই গ্রামের মৃত ইউনুছ আলীর পুত্র সুন্দর আলী পক্ষদ্বয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। গত ১৫ আগষ্ট প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক মসজিদের সাইনবোর্ডে লেখা নাম কালি দিয়ে লেপন করে দিলে উভয় পক্ষের লোকজনের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এনিয়ে বৃহস্পতিবার বাদ আছর কথা কাটাকাটির জের ধরে উভয় পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে।


