নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে গত ২১ শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্যদিয়ে হ্যামট্রামেক সিটি পাবলিক লাইব্রেরিতে ‘বর্ণমালা বাংলা কর্নার’ উদ্বোধন করা হলো ।
এতে প্রধান অতিথি ছিলেন হ্যামট্রামেক সিটির মেয়র ক্যারণ মাজেস্কি। বিশেষ অতিথি ছিলেন হ্যামট্রামেক পাবলিক লাইব্রেরির পরিচালক টামারা সোছাকা, সিটির দুই বাঙালি কাউন্সিলম্যান মোহাম্মদ কামরুল হাসান ও নাঈম চৌধুরী।
ওইদিন দুপুর ১২ টায় আনুষ্ঠানিকভাবে ‘বর্ণমালা বাংলা কর্নার’ এর যাত্রা শুরু হয়। উদ্ভোধন করতে গিয়ে মেয়র ক্যারন মাজেস্কি বলেন, আজকের এই দিনটা হচ্ছে প্রকৃত দিন। এই বিষয় নিয়ে আলোচনা করার কারণ হলো এই দিনে বাংলাদেশসহ গোটাবিশ্ব তাদের নিজেদের ভাষা দিবস পালন করছে পাশাপাশি মিশিগান রাজ্যের হ্যামট্রামেক সিটিতেও পালিত হচ্ছে।
তিনি বলেন,এখানে প্রচুর সংখ্যক বাংলা ভাষী মানুষ বসবাস করছেন। আমি তাদেরকে স্বাগত জানাই। তিনি আরো বলেন, হ্যামট্রামেক পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষ যুগের পর যুগ ধরে বহু ভাষার মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। এটা সিটির জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন।
অনুষ্ঠানে সিটি কাউন্সিলম্যান মোহাম্মদ কামরুল হাসান ও নাঈম চৌধুরী বাংলা ভাষার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্ব নিয়ে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৃদুল কান্তি সরকার।


