জনপ্রিয় নায়ক শাকিব খান পাঁচ মাস ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তার প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে বেশ কয়েকটি হিট সিনেমা নির্মিত হয়েছে। সেই সুবাদে তিনি প্রযোজক ও পরিবেশক সমিতির সদস্য। কিন্তু একটি নিয়ম না মানার কারণে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতিতে সদস্যপদ থাকছে না- এমন একটি গুজব ছড়িয়েছে আজ।
মূলত প্রযোজক সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে ২৪ মার্চ প্রকাশ হয়েছে প্রাথমিক ভোটার তালিকা। সেখানে নেই শাকিবের নাম। তাই দেখে অনেকে বলছেন শাকিব খান সদস্যপদ হারিয়েছেন।
প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু বলেন, এটা একটা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। শাকিবের যারা প্রতিপক্ষ আছে তারাই শাকিবের ইমেজ ও সুনাম নষ্ট করতে এসব তথ্য ছড়াচ্ছে বলে মনে করি৷ আমাকে অনেকেই কল দিয়ে জানতে চেয়েছেন শাকিব নাকি নিয়মিত চাঁদা না দেওয়ায় সদস্যপদ হারিয়েছেন। এটা ভুল।
প্রযোজক ও পরিবেশক সমিতিতে শাকিব খানের চাঁদা বকেয়া নেই। ঘটনা হলো আয়কর রিটার্নের কাগজপত্র সঠিক সময়ে জমা না দেওয়ায় প্রাথমিক ভোটার তালিকায় শাকিবের নাম আসেনি। এটা তো খুবই সহজ একটা বিষয়। ওই কাগজটা হালনাগাদ করে নিলেই চূড়ান্ত ভোটার তালিকায় নাম চলে আসবে।
তিনি আরও বলেন, সদস্যপদ বাতিলের তো প্রশ্নই আসে না। শাকিব ভোটও দিতে পারবেন। আমি এর মধ্যেই খবর পেয়েছি শাকিবের প্রতিনিধি আয়কর রিটার্নের কাগজ আপডেট করে জমা দিয়েছেন নির্বাচন বোর্ডের কাছে।


