১৫ মার্চ ১৮৭৭ সালে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে যাত্রা শুরু করেছিল টেস্ট ক্রিকেট। সে থেকে সময়ের হিসাবে ১৪৫ বছর পূর্ণ করে ফেলেছে টেস্ট। এই লম্বা সময়ের মধ্যে মোট ১২টি দল টেস্ট স্ট্যাটাস পেয়েছে।
যার মধ্যে আফগানিস্তান ও আয়ারল্যান্ড ব্যতীত বাকি ১০ দলই ন্যূনতম ১০০ এর বেশি ম্যাচ খেলে ফেলেছে। এরমধ্যে একমাত্র জিম্বাবুয়ে ব্যতীত বাকি ৯ দলই টেস্ট ফরম্যাটে এক শ টেস্ট হারের লজ্জা পেয়েছে। যার সর্বশেষ সংযোজন বাংলাদেশ।
সেইন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ উইকেটের হার দিয়ে এক শ টেস্ট হারের লজ্জা পেয়েছে বাংলাদেশ। টেস্টে নিজেদের শততম হার বাংলাদেশ দেখেছে ১৩৪তম ম্যাচে। এক শ টেস্ট হারা দলগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে এত কম ম্যাচে শততম হার দেখেনি অন্য কোনো দল।
শততম টেস্ট হারের লজ্জার এই রেকর্ডে বেশ বড় ব্যবধানে শীর্ষে বাংলাদেশ ক্রিকেট। লজ্জার এই রেকর্ডের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা নিউজিল্যান্ডও এক শ টেস্ট হারতে ম্যাচ খেলেছে ২৪১টি। যা বাংলাদেশের চেয়েও ১০৭টি বেশি।
তিনে থাকা শ্রীলঙ্কা নিজেদের শততম টেস্ট হার দেখেছে ২৬৬ ম্যাচে এসে। চারে থাকা দক্ষিণ আফ্রিকা এই ফরম্যাটে হারের সেঞ্চুরি করেছিল ২৭৯ ম্যাচে। বাকি পাঁচ দল তিন শতাধিক ম্যাচ খেলে শততম টেস্ট হার দেখেছিল।
যার মধ্যে তালিকার নিচে থাকা অস্ট্রেলিয়া সর্বোচ্চ ৩৭৪ ম্যাচ খেলে টেস্ট হারের সেঞ্চুরি করেছিল। এ ছাড়াও ভারত ৩০৩, ইংল্যান্ড ৩৪৭, পাকিস্তান ৩৫৭ এবং ওয়েস্ট ইন্ডিজ ৩৬৮ ম্যাচে এসে টেস্টে হারের শতক পূর্ণ করেছিল।
এই তালিকার বাইরে থাকা জিম্বাবুয়ে ১১৫ ম্যাচ খেলে এখন পর্যন্ত ৭৪টা হার দেখেছে।


