সন্ধান২৪.কম: শুরু হয়েছে শোকের মাস আগস্ট। এ মাসেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে এক কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছিল। শুধু বঙ্গবন্ধু না, ঘাতকের বুলেট পুরো পরিবারের প্রাণ কেড়ে নিয়ে বিশ্ববাসীকে শোকে স্তব্ধ করে দিয়েছিল ।

১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকান্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত,ভাগ্নে শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিনী আরজু মনি ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়-স্বজন। বঙ্গবন্ধুর দুই কন্যা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় বেঁচে যান।
৭৫-এর ১৫ আগস্ট নরপিশাচরা খুনিরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেই ক্ষান্ত হয়নি। বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়া বন্ধ করতে ঘৃণ্য ইনডেমনিটি আইন জারি করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে দীর্ঘ ২১ বছর বাঙালি জাতি বিচারহীনতার কলঙ্ককের বোঝা বহন করতে বাধ্য হয়।
শোকাবহ আগস্টে সমগ্র জাতির সঙ্গে একাত্ম হয়ে নিউইয়র্কে আওয়ামী লীগ ও তার সহযোগী, ভ্রাতৃপ্রতিম ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক- রাজনৈতিক সংগঠনসমূহ যথাযোগ্য মর্যাদা,শ্রদ্ধা, ভালোবাসা ও ভাবগম্ভীর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করবে।
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ১৫ আগষ্ট বিকেলে তাদের নিজস্ব মিলনায়তনে, নিউইয়র্ক বাংলাদেশ কনস্যূলেট অফিস একই দিনে,জ্যাকসন হাইটস এলাকাবাসী দুপুর ৪ টা থেকে রাত দশটা পর্যন্ত জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টের সামনে, আগামী ২১ আগষ্ট যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ,যুব লীগ ও ছাত্রলীগ যৌথ ভাবে পালন করবে, এ ছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন জাতীয় শোক দিবস পালন করবে।


