সিটির হারলেম এলাকার ১৩৭ষ্ট্রিট সিটি কলেজ সাবওয়ে স্টেশনে গত ৯ জুলাই শনিবার বিকেল তিনটার দিকে ১৪ বছর বয়সী এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে গত রোববার ১৫ বছর বয়সী অপর এক কিশোরকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত কিশোর নিহত কিশোরের পরিচিত ছিল বলে জানিয়েছে পুলিশ। দু’জনের মধ্যে কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনা সম্পর্কে জানার পর পুলিশ স্টেশনে পৌছে এবং গুরুতর আহত অবস্থায় এক কিশোরকে প্ল্যাটফর্মে পড়ে থাকতে দেখে তাকে দ্রুত মাউন্ট সিনাই মর্নিংসাইড হাসপাতালে পাঠায়, যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশ পরে নিহতের নাম ইয়ঙ্কারের এথান রেয়াস বলে নিশ্চিত হয়। পুলিশ আটক কিশোরের নাম প্রকাশ করেনি। তার বিরুদ্ধে হত্যা ও অপরাধ সংঘটনের জন্য অস্ত্র রাখার অভিযোগে মামলা হয়েছে। উল্লেখ্য, সিটির সাবওয়েতে একের পর সহিংস ঘটনার ধারাবাহিকতায় শনিবারের ঘটনা সাবওয়ে সিস্টেমকে যাত্রীদের জন্য অনিরাপদ পরিবহন বলে বিবেচনা করা হচ্ছে। গত মে মাসে গোল্ডম্যান সাকস এর এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়। এর আগে এপ্রিল মাসে ব্রুকলিনের এক স্টেশনে কমপক্ষে ২৩ ব্যক্তিকে এলোপাতারি গুলি ছুড়ে আহত করা হয়। জানুয়ারি মাসে টাইমস স্কোয়ার স্টেশনে এক মহিলাকে ট্রেনের সামনে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়। এছাড়া সাবওয়েতে ছোটখাট অনেক ঘটনা ঘটে চলেছে।
মেয়র এরিক অ্যাডামস তার নির্বাচনী প্রতিশ্রুতিতে সিটিকে নিরাপদ করার জন্য অনেক কথা বললেও তিনি নির্বাচিত হওয়ার পর থেকে সিটিতে আইনশৃংখলা পরিস্থিতির যে অবনতি ঘটেছে, তাতে তার জন্য বড় ধরনের রাজনৈতিক সমস্যার সৃষ্টি হয়েছে। এর মধ্যে সাবওয়ে নিরাপত্তা সবচেয়ে উদ্বেগজনক। এক জরিপ অনুযায়ী প্রায় ৭৪ শতাংশ সাবওয়ে যাত্রী সাবওয়েকে মহামারী পূর্ব সময়ের চেয়ে কম নিরাপদ বলে মনে করছেন।


