সন্ধান২৪.কমঃ ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান এর প্রয়াণে আগামী ১৯ জুন সোমবার (সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা,৩৭-০৬-৭৭ স্ট্রিট ) জ্যাকসন হাইটসের জ্যূয়িশ সেন্টারে প্রবাসী নাগরিক সমাজের উদ্যোগে একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
সকলের প্রতি এই মহান ইতিহাস-পুরুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আয়োজিত স্মরণ সমাবেশে উপস্থিত হওয়ার জন্য এক প্রেস বিজ্ঞপ্তিতে আহ্ববান জানিয়েছে প্রবাসী নাগরিক সমাজ।
প্রসঙ্গত ঃ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের শেষ ইচ্ছা অনুযায়ী মা সৈয়দা জাকিয়া খাতুনের শাড়ি কফিনে জড়িয়ে পারিবারিক কবরস্থানে মায়ের কবরেই দাফন করা হয়েছে । নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তার গার্ড অব অর্নার ও জানাজা সম্পন্ন হয়।
শুক্রবার( ৯ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
সিরাজুল আলম খান ১৯৪১ সালের ৬ জানুয়ারি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার আলীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আলীপুর গ্রামে স্থানীয় স্কুলে কিছুদিন লেখাপড়া করে চলে যান বাবার কর্মস্থল খুলনায়। ১৯৫৬ সালে খুলনা জিলা স্কুল থেকে প্রথম বিভাগে এসএসসি পাস করেন। তারপর ঢাকা কলেজ থেকে ১৯৫৮ সালে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে সম্মান শ্রেণিতে ভর্তি হন। থাকতেন ফজলুল হক হলে।


