সন্ধান২৪.কম : পূজা মন্ডপের উদ্বোধন করতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে কোলকাতা গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেটের এই রাজপুত্রকে কাছে পেয়ে এক ভক্ত তার সাথে সেলফি তুলতে গেলে সেই ভক্তের মোবাইল ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন সাকিব। এতে মোহাম্মদ সেক্টর নামের এই সাকিব ভক্তের মোবাইল ফোনটি ভেঙে গেছে বলে তিনি জানান।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ( ১২ নভেম্বর) সাকিব-আল-হাসান ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল আসেন। এখানে আসার পর তিনি শুল্ক ভবনের কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তিনি বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে যাওয়ার সময় তার ভক্ত মোহাম্মদ সেক্টর দৌড়ে সেলফি তুলতে যান। এই সময় সাকিব তার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন।
বেনাপোলের বাসিন্দা মোহাম্মদ সেক্টর সাংবাদিকদের বলেন, “আমি সাকিব আল হাসানের একজন ভক্ত। সামনাসামনি কখনও দেখিনি। বেনাপোল চেকপোস্টে তাকে দেখে নিজেকে আর সামলাতে পারিনি।
“তার সাথে একটি সেলফি চাওয়া কি আমার অপরাধ? তিনি আমার ফোনটি উগ্র মেজাজে কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন। এতে আমার ফোনটি ভেঙে নষ্ট হয়ে গেছে।”


