সন্ধান২৪.কম “ স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু আর নেই। মঙ্গলবার ফজরের নামাজের আগে ভোর ৪টায় এভার কেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে ৫১ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান তিনি (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতু্যকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন বাবু।
বাবুর পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে আনোয়ার খান মডার্ন হাসপাতাল থেকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়েছিল। প্রচুর শ্বাসকষ্ট থাকায় শফিউল বারী বাবুকে সোমবার দুপুর ১১টায় তাৎক্ষণিকভাবে রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত বেশ কিছুদিন ধরে ফুসফুসের সংক্রমণে ভুগছেন বলে জানান স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম সারোয়ার। তিনি বলেন, শফিউল বারী বাবু বেশ কিছুদিন ধরে ফুসফুসে সংক্রমণজনিত রোগে ভুগছিলেন। এর ফলে তার শ্বাসকষ্ট হচ্ছিল। চিকিৎসকের পরামর্শে তিনি রাজধানীর ইস্কাটনের বাসাতেই ছিলেন। কিন্তু সোমবার হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রম্নত তাকে আনোয়ার খান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি জানান, চিকিৎসকের পরামর্শে হাসপাতালে তার করোনা পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ আসে। শফিউল বারী বাবুর প্রথম জানাজা সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শফিউল বারী বাবুর মরদেহ তার জন্মাস্থান লক্ষ্ণীপুরের রামগতিতে নেওয়া হয়। এরপর উপজেলায় বাদ আসর নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃতু্যতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান, আবদুল আউয়াল মিন্টু, বরকত উলস্নাহ বুলু, মো. শাজাহান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহম্মেদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম, বিএনপি নেতা তাবিথ আউয়াল, ইশরাক হোসেন প্রমুখ।
এর আগে মঙ্গলবার সকালে শফিউল বারী বাবুর মরদেহ মোহাম্মদপুর আল মার্কাজুলে গোসল করানো হয়। এরপর ৪৫ নিউ ইস্কাটন বিএম-এর গলিতে মরহুমের বাসার সামনে নয়াপল্টনে জানাজার আগ পর্যন্ত লাশবাহী গাড়ি রাখা হয়। পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শফিউল বারী বাবুর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতৃবৃন্দ তার কফিনে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।


