সন্ধান২৪.কম : বেইজিং কবে আনুষ্ঠানিকভাবে বাইডেনের জয়কে স্বীকৃতি দেবে, সে বিষয়ে জল্পনা-কল্পনা কম হচ্ছিল না। অবশেষে দীর্ঘ মৌনতা ভেঙে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছে চীন।
গতকাল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘আমরা মার্কিন জনগণের পছন্দের প্রতি সম্মান জানাচ্ছি। একই সঙ্গে আমরা জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানাচ্ছি।’
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অভিনন্দনও পাচ্ছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু সাম্প্রতিক সময়ে যে দেশের সঙ্গে ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সম্পর্ক দা-কুমড়ার পর্যায়ে চলে গিয়েছে, সেই চীনের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মিলছিল না।

পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের হোয়াইট হাউজে যাওয়া নিশ্চিত হওয়ার পর থেকে এ বিষয়ে কার্যত মৌনতার পথ অবলম্বন করে এসেছে বেইজিং। কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি শি জিনপিং প্রশাসনের পক্ষ থেকে। গত সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সামনে প্রসঙ্গটি তোলা হলেও তাদের বক্তব্যে কোনো স্পষ্ট অভিনন্দন বার্তা ছিল না। তাদের জবাব ছিল কৌশলী—‘আমরা আশা করছি, নতুন মার্কিন প্রশাসন সেই পথেই হাঁটবে, যে পথে আমরা অগ্রসর হচ্ছি।’
তাহলে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানাতে বেইজিংয়ের এই বিলম্ব কেন? পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র তার ব্যাখ্যা
দিচ্ছেন এভাবে—‘আমরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছিলাম।’
অবশ্য এর আগে চীনা নেতাদের কথাবার্তায় বিভিন্ন প্রকাশ পেয়েছে যে তারা আসলে জো বাইডেনকেই হোয়াইট হাউজে দেখতে চান । তারা প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের জয় মেনে নিয়েছেন এবং ২০ জানুয়ারি তিনিই ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন বলে ধারণা করছেন। তবে জিনপিং সরকার মন্তব্য করা বলতে কেবল ‘আমরা জানতে পেরেছি যে জো বাইডেন বিজয়ী ঘোষিত হয়েছেন’ টাইপের বিবৃতিতেই সংযত থেকেছে।


