সন্ধান২৪.কম : ধর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার এবং ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগ থেকে মশাল মিছিল ও ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেন।
‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ”র ব্যানারে সম্মিলিত ছাত্র-জনতা ৬ অক্টোবর সন্ধ্যায় এই বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে সম্মিলিত ছাত্র-জনতার পক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায় আগামীকাল (৭ অক্টোবর) সকাল ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘর এর সামনে গণজমায়েত ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে যাওয়ার পথে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের বাধা ও লাঠিচার্জের শিকার হয়েছেন ধর্ষণবিরোধী আন্দোলনকারীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও বিবস্ত্র করে নির্যাতনসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ-নিপীড়নের ঘটনায় বিচারের দাবিতে আজ (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় শাহবাগে গণজমায়েত করে সম্মিলিত ছাত্র-জনতা পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে মশাল মিছিল করে রাজধানীর এলিফ্যান্ট রোড প্রদক্ষিণ করে পুনরায় শাহবাগে এসে সমাবেশ অনুষ্ঠিত করে। সমাবেশে আন্দোলনকারীরা ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেন।

গত ২ সেপ্টেম্বর রাতে নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতনের ঘটনাটি ঘটে। আসামিরা প্রভাবশালী হওয়ায় এক মাস ধরে ঘটনাটি ধামাচাপা পড়েছিলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। এরপর রোববার দিবাগত রাত ১টার দিকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৯ জনকে আসামি করে ওই গৃহবধূ মামলা দায়ের করেন। এই মামলায় এখন পর্যন্ত প্রধান আসামি বাদলসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা দেশব্যাপী নিন্দার ঝড় তোলে।


