সন্ধান২৪.কম : যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজি আজিজুল হক খোকনের নিউইয়র্ক থেকে অন্তর্ধান এবং এই পরিস্থিতিতে কী করণীয় তা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত শনিবার থেকেই নিখোঁজ খোকন। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শুভানুধ্যায়ী, দলের নেতা-কর্মীসহ অসংখ্য মানুষ খোকনের খোঁজ পেতে সাহায্যের আবেদন জানিয়েছে।
রবিবার মধ্যরাত পর্যন্ত তার টেলিফোন সচল ছিল, কিন্তু রিং হলেও কেউ ধরেননি। স্থানীয় পুলিশ সোমবার দরজা ভেঙে তার ঘরে ঢুকলেও তাকে পায়নি।
খোকনের সন্ধান পাওয়ার জন্য তার দলের নেতা-কর্মী, শুভাকাঙ্খিরা বুধবার রাতে জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে এক পরামর্শ সভায় মিলিত হয়।

যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের আহ্বানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিদ্দিকুর রহমান, প্রদীপ রঞ্জন কর, মাসুদুর রহমান, জয়নাল আবেদীন, নুরুজ্জামান সরকার, সাংবাদিক শাবান মাহমুদ,যুক্তরাস্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের একাংশের সভাপতি এইচ এম ইকবাল, ইমদাদ চৌধুরী, মঞ্জুর চৌধুরী, শেখ আতিকুর রহমান, মিজানুর রহমান চৌধুরী, রিদয় মিয়াসহ কমিউনিটির অনেকেই।
এই খোকন নিখোঁজ গত পাঁচ দিন ধরে। পুলিশ, হাসপাতাল কিংবা মর্গ কোথাও তার খোঁজ নেই। নিউ ইয়র্ক পুলিশ ‘নিখোঁজের তালিকা’য় তার নাম অন্তর্ভুক্ত করেছে।


গত ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রের বাসিন্দা খোকন। কুইন্সের কিউ গার্ডেনের বাসায় একাই থাকতেন অকৃতদার খোকন (৬০)। বন্ধুরা জানাচ্ছেন, খোকন তিন দশক ধরে যুক্তরাষ্ট্রে থাকলেও তার বৈধ কাগজপত্র ছিল না বলেই জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ফলে তাকে অবৈধ অভিবাসী হিসেবে বন্দি করা হলো কি না, তা নিয়ে উৎকণ্ঠায় তার বন্ধু ও সহকর্মীরা।
অনেকে সন্দেহ করছেন আইস (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) পুলিশের হাতে খোকন ধরা পড়লেন কি না? সেক্ষেত্রে তথ্য পেতে কয়েক দিন সময় লাগে।

বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মো. আলী প্রবাসী খোকনের নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারাও বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করছেন।
বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রবাসী নেতা-কর্মীরাও খোকনকে নিয়ে উদ্বিগ্ন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. হামিদ বলেন, বিভিন্ন সংস্থা ও বিভিন্ন স্থানে খবর নিয়েও খোকনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
একাধিক ব্যক্তি বলেছেন, শনিবার জ্যাকসন হাইটস এলাকায় আইস গ্রেপ্তার অভিযান চালিয়েছিল। তখন খোকন গ্রেপ্তার হলেও আশ্চর্য হওয়ার কিছু নেই।
আওয়ামী লীগের সক্রিয় নেতা কাজি আজিজুল হক খোকন নিউ ইয়র্কের রাজনৈতিক অঙ্গন ও জ্যাকসন হাইটসে পরিচিত এক মুখ।নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে অবকাস স্টোরে দীর্ঘদিন থেকে কাজ করে আসছেন।


