অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানকে নিহত শিশুর বাবার চিঠি

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উভালদে শহরে স্কুলে গণগুলির ঘটনায় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ড্যানিয়েল ডিফেন্সকে চিঠি পাঠিয়েছেন নিহত এক শিশুর বাবা। ওই চিঠি পাঠানোর ঘটনা মামলায় রূপ নিতে পারে।
উভালদের রব এলিমেন্টারি স্কুলে গত সপ্তাহে ঘটা গণগুলিতে প্রাণ হারিয়েছে ২১ জন, যার মধ্যে ১৯ জনই শিশু। ওই ঘটনায় ব্যবহৃত অস্ত্র যে কম্পানি বানিয়েছে, সেই ড্যানিয়েল ডিফেন্সকে চিঠি দিয়েছেন নিহত এক শিশুর বাবা আলফ্রেড গার্জার আইনজীবীরা।

ওই চিঠিতে জানতে চাওয়া হয়েছে, শিশু ও কিশোরদের কাছে ড্যানিয়েল ডিফেন্স কীভাবে বিপণন করে থাকে।

তথ্য চেয়ে ওই চিঠিতে লেখা হয়েছে, ‘তথ্য সংগ্রহের লক্ষ্যে আলফ্রেড গার্জাকে মামলা করতে বাধ্য করার পরিবর্তে আমরা আপনাদের এখনই তথ্য দেওয়ার অনুরোধ করছি। ‘ এখন পর্যন্ত ওই বন্দুক হামলার ঘটনায় ড্যানিয়েল ডিফেন্সের বিরুদ্ধে কোনো মামলা হয়নি।

জর্জিয়াভিত্তিক অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ড্যানিয়েল ডিফেন্স তাত্ক্ষণিকভাবে এ প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি। ১৮ বছর বয়সী বন্দুকধারী সালভাদর রামোস ২৪ মে স্কুলে হামলা চালায়। নিজের ১৮তম জন্মদিনে গত ১৭ মে বৈধভাবে ওই অস্ত্র কেনে সে।

গার্জার আইনজীবী জশ কসকফ এর আগে ২০১২ সালে ঘটা স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলের গণগুলির ঘটনার মামলার নেতৃত্ব দিয়েছিলেন। সে মামলায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বহু অর্থেও বিনিময়ে সমঝোতা করেছে অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রেমিংটন। কোনো অস্ত্র নির্মাতার বিরুদ্ধে মামলায় এটিই প্রথম উল্লেখযোগ্য সমঝোতা।

পৃথক আরেক আইনি পদক্ষেপে টেক্সাস অঙ্গরাজ্য আদালতে নথি দাখিল করেছেন স্কুলের কর্মী এমিলিয়া মারিন। আদালতের কাছে ড্যানিয়েল ডিফেন্সের সাক্ষ্য নেওয়া এবং প্রতিষ্ঠানকে বিপণন সম্পর্কিত নথি হস্তান্তরে বাধ্য করার আদেশ জারির আবেদন করেছেন তিনি।

Exit mobile version