সন্ধান২৪.কমঃ গুলশান থানায় আনভীরকে আসামি করে মামলা করেন কলেজ শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়ার বড় বোন নুসরাত জাহান। মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়। সেই মামলায় আগাম জামিন মিললো না সায়েম সোবহান আনভীরের।
বুধবার (২৮ এপ্রিল) এ ঘটনায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। তবে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) শুনানি হয়নি। সেই সঙ্গে হাইকোর্টে অনির্দিষ্টকালের জন্য আগাম জামিন শুনানি বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার হাইকোর্টের যে বেঞ্চের কার্যতালিকায় আনভীরের আগাম জামিনের আবেদনটি শুনানির জন্য ছিল, সেই বেঞ্চ ‘লকডাউন’ ও মহামারির এই পরিস্থিতিতে আগাম জামিনের শুনানি করবে না বলে জানায়।
গত সোমবার (২৬ এপ্রিল) রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজ শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়ার (২১) লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিচারপতি মামুনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে তার জামিনের আবেদন বাতিল করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, সায়েম সোবহানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মুনিয়ার। প্রতিমাসে এক লাখ টাকা ভাড়ার বিনিময়ে সায়েম সোবহান মুনিয়াকে ওই ফ্ল্যাটে রেখেছিল। আনভীর নিয়মিত ওই বাসায় যাতায়াত করতো। তারা স্বামী-স্ত্রীর মতো করে থাকতো। মুনিয়ার বোন অভিযোগ করেছেন, তার বোনকে বিয়ের কথা বলে ওই ফ্ল্যাটে রেখেছিল। একটি ছবি ফেসবুকে দেওয়াকে কেন্দ্র করে সায়েম সোবহান তার বোনের ওপর ক্ষিপ্ত হয়। তাদের মনে হচ্ছে, মুনিয়া আত্মহত্যা করেনি। তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
