সন্ধান২৪. কম : বহু আগে একসঙ্গে নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় তারকা চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা ও জিয়াউল ফারুক অপূর্ব। এবার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে একসঙ্গে দেখা যাবে তাদের।
২০ মার্চ এ দুই তারকা রাজধানীর মিরপুরে ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠানটির একটি বিশেষ সেগমেন্টের শুটিং করেছেন বলে জানা গেছে। যদিও এ অনুষ্ঠানে কী ধরনের পারফর্মেন্সে অংশ নিয়েছেন সে বিষয়ে বিস্তারিত কোনো কিছুই বলেননি অপূর্ব কিংবা পূর্ণিমা। তবে পূর্ণিমা বলেছেন, ‘প্রায় দুই বছর পর আবারও ইত্যাদিতে কাজ করলাম। এটি একটি জনপ্রিয় অনুষ্ঠান। দীর্ঘ সময় ধরে জনপ্রিয়তা ধরে রেখেছে। কাজ করে ভালো লেগেছে।’ ‘সূত্র জানিয়েছে, বরাবরের মতো হানিফ সংকেতের গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনায় আগামী রোজার ঈদের জন্য এই বিশেষ পর্বটি তৈরি হয়েছে। এদিকে অপূর্ব বর্তমানে ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
গতকাল তিনি উত্তরায় একটি শুটিংবাড়িতে শিহাব শাহীন পরিচালিক ‘অঘটন’ নামে একটি নাটকের শুটিং করেছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। অন্যদিকে পূর্ণিমা আপাতত অন্য কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন না বলেই জানিয়েছেন। তিনি নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় নির্মিতব্য ‘গাঙচিল’ নামে একটি সিনেমার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। সিনেমাটি নির্মিত হচ্ছে যোগাযোগ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’ নামে উপন্যাস অবলম্বনে। এতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করছেন ফেরদৌস।
