করোনা আক্রান্ত অমিত শাহ, উত্তরপ্রদেশের মন্ত্রী কমলরানির মৃত্যু

অযোধ্যায় রামমন্দিরের অনুষ্ঠানে ছন্দ পতন, অনেকের যাওয়া হচ্ছে না

সন্ধান২৪.কম : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হলেন। রবিবার টুইট করে নিজেই সে কথা জানিয়েছেন। চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অপর দিকে কোভিডে মৃত উত্তরপ্রদেশের মন্ত্রী, অযোধ্যা সফর বাতিল শোকাহত যোগীর। গুরুগ্রামের মেদান্ত সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে অমিত শাহকে। 

এ দিন বিকেল পৌনে পাঁচটা নাগাদ টুইট করে অমিত শাহ নিজেই করোনা আক্রান্ত হওয়ার কথা জানান। তিনি লেখেন, ‘‘করোনার প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় পরীক্ষা করিয়েছিলাম আমি। তার রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে। কিন্তু চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হচ্ছি।  গত কয়েক দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের কাছে অনুরোধ যে নিজেদের আইসোলেট করে পরীক্ষা করিয়ে নিন আপনারা।’’

করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ে অবশেষে হার মানলেন উত্তরপ্রদেশের ক্যাবিনেটমন্ত্রী কমলরানি বরুণ। কোভিড-রিপোর্ট পজিটিভ এসেছিল ১৪ দিন আগে। চিকিৎসাও শুরু হয়েছিল লখনউয়ের এক হাসপাতালে।   রবিবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৬২। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

উত্তরপ্রদেশের প্রশাসন সূত্রে খবর, গত ১৮ জুলাই লখনউয়ের সঞ্জয় গাঁধী পোস্টগ্র্যাজুয়েট মেডিক্যাল সায়েন্সেস ইনস্টিটিউট (এসজিপিজিআই)-এ ভর্তি করানো হয়েছিল কমলরানিকে। ওই দিনই তাঁর কোভিড-রিপোর্ট পজিটিভ এসেছিল। এসজিপিজিআই-এর ডিরেক্টর রাধাকৃষ্ণ ধীমান বলেন, “ফুসফুসে সংক্রমণের জন্য মন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তাঁকে জীবনদায়ী ব্যবস্থার মধ্যে রাখা হয়েছিল। আমাদের যাবতীয় প্রচেষ্টা সত্ত্বেও রবিবার তাঁর মৃত্যু হয়।”

যোগী আদিত্যনাথ সরকারে কারিগরি দফতরের মন্ত্রী ছিলেন কমলরানি।  তাঁর মৃত্যুর খবর শুনে এ দিনের পূর্বনির্ধারিত কর্মসূচিও বাতিল করেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। আগামী ৫ অগস্ট রামমন্দিরের ভূমিপূজন অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে অযোধ্যায় যাওয়ার কথা ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর।

 

Exit mobile version