সন্ধান২৪.কম : বিভুতি ভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ‘ক্যানভাসার’ অবলম্বনে দেবরাজ দে নির্মাণ করতে যাচ্ছেন ‘ফেরিওয়ালা’ সিনেমা। এই সিনেমায় অভিনয় করার মধ্য দিয়ে আবারও অভিনয়ে ফিরেছেন দর্শকপ্রিয় অভিনেতা হাসান মাসুদ।
ফিরে এসেই তিনি জানালেন প্রথমবারের মতো কলকাতার একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। এরই মধ্যে সিনেমাটিতে অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছেন হাসান মাসুদ। এতে তিনি নাম ভূমিকায় অভিনয় করবেন বলে জানিয়েছেন। তার চরিত্রের নাম কৃষ্ণলাল। হাসান মাসুদ জানান করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই কলকাতায় ‘ফেরিওয়ালা’ সিনেমার শুটিং শুরু হবে।

অভিনয় করতে করতে এক ঘেয়েমি চলে আসায় মাঝে চার বছরের বিরতি নিয়েছিলেন হাসান মাসুদ। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘হিট’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে আবারো অভিনয়ে ফেরেন কিছুদিন আগে। পটুয়াখালী’র বাউফল থানার মোমিনপুর গ্রামে জন্ম মসউদুর রহমান ও লায়লা মাসুদ দম্পতির সন্তান হাসান মাসুদের। তার স্ত্রী শিমুল এবং তার একমাত্র সন্তান সূর্য আমেরিকায় একটি ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় বর্ষে পড়ছেন। হাসান মাসুদের নিজের বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠি (বর্তমানে নেসারাবাদ থানা) নান্দুহার গ্রামে।
বাংলাদেশ সেনাবাহিনী ক্যাপ্টেন থাকাবস্থায় তিনি স্বেচ্ছায় চাকুরী থেকে অবসর নেন। পরবর্তীতে ইংরেজি জাতীয় পত্রিকা নিউনেসন, ডেইলি স্টার এবং পরবর্তীতে বিবিসি’তে চাকরি করেন তিনি। রাজধানীর শাহবাগের আজিজ মার্কেটে হঠাৎ একদিন মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে পরিচয়ের পরপরই ‘ব্যাচেলর’ সিনেমায় কাজ করার সুযোগ হয়ে উঠে। ‘ছায়ানট’ থেকে হাসান মাসুদ নজরুল সঙ্গীতের পাঁচ বছরের কোর্সও সম্পন্ন করেছিলেন। গান গাওয়ার জন্য নয়, গান শেখার জন্যই তিনি এই কোর্স সম্পন্ন করেছিলেন যাতে গলায় সুরটা আসে। একসময় উদীচীর গানের লিড করতেন তিনি। ১৯৮৩ সালে তিনি বাংলাদেশ মিলিটারী একাডেমিতে চলে যান। হাসান মাসুদের একমাত্র গানের অ্যালবাম ‘হৃদয় ঘটিত’ যার সবগুলো গান লিখেছেন মারজুক রাসেল এবং সুর করেছেন হাসান মাসুদেরই ক্লাশমেট প্রয়াত সঞ্জীব চৌধুরী।