সন্ধান২৪.কম ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের একটি ফুটবল ক্লাবের মালিকানা নিয়েছে বাংলাদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান।এর মধ্য দিয়ে ইউরোপের ফুটবলে বাংলাদেশের নতুন সংযোগ।
ক্লাবটির নাম জিডি সাও রক। বাংলাদেশি বিনিয়োগকারী ইশতিয়াক রউফের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান আর্গোনাট স্পোর্টস ক্যাপিটাল ক্লাবটির মালিকানা কিনেছে। সম্প্রতি ক্লাবটি অধিগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে ডেইলি সানকে জানিয়েছেন ক্লাবসংশ্লিষ্ট একটি সূত্র।
নতুন মালিকপক্ষের পরিকল্পনা, বাংলাদেশের ফুটবলসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে অংশীদারির ভিত্তিতে কাজ করা। বিশেষ করে তরুণ প্রতিভা খুঁজে বের করা, একাডেমিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং খেলোয়াড়দের ইউরোপে খেলার সুযোগ তৈরিতে আগ্রহী তারা।
ক্লাবসংশ্লিষ্ট ওই সূত্র বলেছে, ‘ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলের সঙ্গে অংশীদারির ভিত্তিতে কাজ করতে চাই আমরা। প্রতিভা অন্বেষণ, একাডেমি প্রশিক্ষণ এবং খেলোয়াড়দের দলবদলের ক্ষেত্রে সুযোগ তৈরি হতে পারে।
শুধু বিনিয়োগ নয়, এই মালিকানার মধ্য দিয়ে বাংলাদেশের তরুণ ফুটবলারদের ইউরোপে প্রশিক্ষণ ও খেলার সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে নতুন মালিকপক্ষের।
