সন্ধান২৪.কম : সায়মা ওয়াজেদ হোসেন জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকির মুখে থাকা দেশগুলোর জোট ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) দূত নির্বাচিত হয়েছেন । অটিজমবিষয়ক জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি সায়মাসহ মোট চারজনকে ফোরামের ‘থিমেটিক অ্যাম্বাসেডর’ করার সিদ্ধান্ত হয়েছে।
সায়মার সঙ্গে দূত হিসেব আরও থাকছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান স্পিকার মোহাম্মদ নাশিদ, ফিলিপিন্সের জাতীয় সংসদের উপ-স্পিকার লরেন লেগার্দা ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর প্রধান জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ তোসি এমপানু-এমপানু। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিভিএফের বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাদের এই দায়িত্ব গ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন। জুনের শুরুতে দ্বিতীয়বারের মতো ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম’ বা সিভিএফ এবং ‘ভালনারেবল টোয়েন্টি’ বা ভি-২০ গ্রম্নপের সভাপতির দায়িত্ব নেয় বাংলাদেশ। ২০২০-২০২২ মেয়াদে এ দুই জোটের সভাপতির দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, সিভিএফের সভাপতির দায়িত্ব নেওয়ার পর আকাঙ্ক্ষা, সংস্কৃতি, অর্থায়ন, সংসদ, নবায়নযোগ্য জ্বালানি ও ঝুঁকিকে ছয়টি মূল বিষয় হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ। এর মধ্যে ঝুঁকির বিষয়ে ‘থিমেটিক অ্যাম্বাসেডর’ হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডবিস্নউএইচও) মহাপরিচালকের উপদেষ্টা সায়মা।
