সন্ধান২৪.কম ওয়েবডেস্ক: ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ স্তরের সামরিক প্রস্তুতির বিশেষ কোড ‘কোড ১০০’ অ্যালার্ট জারি করেছে।এতে পশ্চিম এশিয়াসহ গোটা বিশ্বে নতুন করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক উত্তেজনা।
এই খবর ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র গুঞ্জন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাম্প ডেবিড থেকে নিজের ছুটি কমিয়ে হোয়াইট হাউসে দ্রুত ফিরে আসেন। যদিও হোয়াইট হাউসের সঙ্গে কোনও সামরিক পদক্ষেপের যোগসূত্র কথা অস্বীকার করেছে ইজরায়েল। তবে এরপরই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও তাঁর আমেরিকা সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে গেছেন।
পরিস্থিতি অবনতির আশঙ্কায় মার্কিন স্টেট ডিপার্টমেন্ট পশ্চিম এশিয়ায় অবস্থানরত নাগরিকদের জন্য কড়া নিরাপত্তা সতর্কতা জারি করেছে। একইসঙ্গে ফ্লাইট বাতিল ও আকাশপথ বন্ধ-সহ অন্য ক্ষেত্রেও হামলার আশঙ্কার কথা জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এই কোড জারি থাকলে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা মেনে চলতে হবে। আমেরিকা এবং ইজরায়েলের মধ্যে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায থেকেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এর ফলে দ্রুত সেনা মোতায়েন, সামরিক যোগাযোগ বৃদ্ধি এবং সম্ভাব্য আক্রমণের কথা ভেবে চূড়ান্ত প্রস্তুতিতে নেওয়া হবে। তবে ইরানের সরকারি গণমাধ্যম এই খবরের কোনও সত্যতা স্বীকার করেনি। কোনও প্রতিবেদনও প্রকাশ করা হয়নি তাদের তরফে।
অন্যদিকে, এর মধ্যেই ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রিয়াধ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদি বিমানবাহিনী সেগুলি প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে আঞ্চলিক নিরাপত্তা ও পরিবহণ ব্যবস্থা নিয়ে উদ্বেগ বেড়েছে।
