গুজব : নায়ক আলমগীরের মৃত্যু

সন্ধান২৪.কমঃ রবিবার (২৫ এপ্রিল) সন্ধ্যার পর গুজব ছড়িয়ে পড়ে করোনায় আক্রান্ত হয়ে চিত্রনায়ক আলমগীরের মৃত্যু হয়েছে। কেউ বা কারা কোনো সঠিক তথ্য ছাড়াই সোশাল মিডিয়ায় আলমগীর মারা গেছেন বলে খবর ছড়িয়ে দেয়।

তার মেয়ে আঁখি আলমগীর জানিয়েছেন, আলমগীর বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন। আগের চেয়ে বেশ ভালো আছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ ও সুচিকিৎসায় উন্নত হচ্ছে তার শারীরিক অবস্থা।

খোঁজ নিয়ে জানা গেছে, ফেসবুকে রবিবার সন্ধ্যায় আলমগীরের মৃত্যুর গুজব কে বা কারা ছড়ায়। ফেসবুক এবং কিছু অনলাইন নিউজ পোর্টালে এ গুজবসংক্রান্ত সংবাদ দেখা যায়। এরপর থেকেই হাসপাতালে থাকা আলমগীরের কাছে তার পরিবার, বন্ধু, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের ফোন আসতেই থাকে। তখনই বিষয়টি তিনি বুঝতে পারেন।

বিষয়টি বেশ বিব্রত করেছে অভিনেতার পরিবারকে। তারা বিরক্তও হয়েছেন। এদিকে গুজবে কান না দেয়ার অনুরোধ জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

কিংবদন্তি এ অভিনেতা করোনার দুই ডোজ টিকাই নিয়েছেন। গত সপ্তাহের দিকে দ্বিতীয় ডোজ নেয়ার দুদিন পরই জানতে পারেন তিনি কোভিড-১৯ পজিটিভ।

 

Exit mobile version