সন্ধান২৪.কম ডেস্ক : ভারতের রাজধানী দিল্লি লাগোয়া গুরগাঁওতে এক যুবককে গরুর মাংস পরিবহনের অভিযোগে ব্যাপক মারধর করা হয়েছে। ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
লুকমান খান নামের ওই যুবক ট্রাকে করে মাংস নিয়ে যাচ্ছিলেন এবং সেটা মহিষের মাংস বলে জানিয়েছেন ওই বাজারটির প্রধান। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবককে অন্য কয়েকজন মাটিতে ফেলে মারছে। এরই মধ্যে একজন হাতুড়ি দিয়ে তার মাথা আর হাঁটুতে মারছে – সেটাও দেখা গেছে। ভিডিওতে আরও দেখা যাচ্ছে পুলিশ ঘটনাস্থলে হাজির থাকলেও তারা কাউকে বাধা দিচ্ছে না। পরে অবশ্য একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
হাসপাতালেই একটি সংবাদমাধ্যমকে লুকমান বলেছেন, ‘‘আমি মোষের মাংস নিয়ে যাচ্ছিলাম। আট-দশ লোক আমাকে থামতে বলে। ভয় পেয়ে গাড়ির গতি বাড়িয়ে দিই। গুরুগ্রামের সদর বাজার এলাকায় পৌঁছতেই ওরা আমাকে ধরে ফেলে। তার পরে লোহার রড দিয়ে মারে। ওরা বলছিল গরুর মাংস নিয়ে যাচ্ছি।’’
লুকমান খান পুলিশকে জানিয়েছেন যে একটি ট্রাফিক সিগনাল থেকে তাকে কয়েকজন যুবক মোটরসাইকেলে তাড়া করে এবং একটা সময়ে তার ট্রাকটি থামিয়ে কাঁচ ভেঙ্গে দেয়। লুকমান যার কাছে মাংস নিয়ে যাচ্ছিলেন, ওই বাজার কমিটির প্রেসিডেন্ট মি. তাহির সংবাদ মাধ্যমকে বলেছেন যে ওটা মোষের মাংসই ছিল এবং তিনি এই কারবার করছেন গত ৫০ বছর ধরে। সুত্র : বিবিসি বাংলা, আনন্দ বাজার পত্রিকা
