চিন্ময়কে চট্টগ্রাম থেকে হঠাৎ নেওয়া হলো ঢাকার কেরানীগঞ্জ কারাগারে

ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস। ছবি: সংগৃহীত

সন্ধান২৪.কম ডেস্ক : সনাতনী জাগরণ জোটের মুখপাত্র , ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. ইকবাল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, ‘ভোর ৫টার দিকে চিন্ময়কে চট্টগ্রাম থেকে ঢাকার কেরানীগঞ্জের উদ্দেশে পাঠানো হয়। তাকে বহনকারী গাড়িটি সকাল ১০টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়।’

স্থানান্তরের কারণ জানতে চাইলে ইকবাল জানান, এর কোনো নির্দিষ্ট কারণ নেই। এক কারাগার থেকে অন্য কারাগারে বন্দিদের স্থানান্তর করা কারা প্রশাসনের একটি নিয়মিত প্রক্রিয়া বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ অক্টোবর দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়ার পর চট্টগ্রাম আদালত চত্বরে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় আদালত চত্বরের বাইরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।

ভাঙচুর, হামলা, সংঘর্ষ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় তখন তিনটি মামলা দায়ের করা হয়।  ২০২৬ সালের ১৯ জানুয়ারি আদালত চিন্ময় কৃষ্ণসহ ৩৯ জন আসামির বিরুদ্ধে এই হত্যা মামলায় অভিযোগ গঠন করেন।

 

 

Exit mobile version