সন্ধান২৪.কম : ভারতীয় বিমান বাহিনীর হাতে বর্তমানে তিনটি ফ্যালকন রয়েছে। রাশিয়ার তৈরি সামরিক পরিবহণ বিমানে আইএল-৭৬-এ বসানো এই ইসরায়েলি নজরদারি ব্যবস্থার কাজ হল, ভারতীয় বিমান বাহিনীর ফাইটার জেটগুলোকে নিখুঁতভাবে ‘লক্ষ্য’ চিহ্নিত করতে সাহায্য করা। পাশাপাশি, শত্রুপক্ষের বিমানবাহিনীর তৎপরতার উপর নজরদারির কাজও করতে পারে। গত বছর পাকিস্তানের বালাকোটে জঙ্গি শিবিরে এয়ার স্ট্রাইকের সময় ১২টি মিরাজ-২০০০ ফাইটার জেটকে সফলভাবে পরিচালনা করেছিল একটি ইসরায়েলি ‘অ্যাওয়াকস’।
লাদাখে চীনা অনুপ্রবেশের জেরে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) নজরদারিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারত। এই উদ্দেশ্যে ইসরায়েল থেকে আরো দু’টি ভয়ঙ্কর ফ্যালকন ‘এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম’ (অ্যাওয়াকস) কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি সপ্তাহেই নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির (সিসিএস) বৈঠকে এ সংক্রান্ত প্রয়োজনীয় অনুমোদন মিলতে পারে বলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
তবে অ্যাকয়াকসের সংখ্যার হিসেবে চীন এবং পাকিস্তান বিমানবাহিনী ভারতীয় বিমান বাহিনীর চেয়ে এগিয়ে। ৪০০ কিলোমিটার পাল্লার তিনটি ফ্যালকন ৩৬০ ডিগ্রি ক্ষেত্র জুড়ে নজরদারিতে সক্ষম। কিন্তু ভারতে তৈরি অ্যাওয়াকস ‘নেত্র’র কর্মক্ষেত্রের পরিধি ২৪০ ডিগ্রি। বালাকোট হামলা এবং তার পরবর্তী সময় বিমানযুদ্ধে ব্যবহৃত হয়েছিল ব্রাজিলের এমব্রায়ের-১৪৫ বিমানে বসানো এই নজরদারি ব্যবস্থা। পাকিস্তানের হাতে থাকা চীনা ‘কারাকোরাম ঈগল ডেজডিকে-০৩’ এবং সুইডেনের ‘সাব-২০০০’ অ্যাওয়াকস ভারতীয় ‘নেত্র’র তুলনায় উন্নতামানের বলেই প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মত।
