ছড়া ।। মাথাপিছু আয় ।। রাজেকুজ্জামান রতন

মা থা পি ছু  আ য়
রাজেকুজ্জামান রতন
———————————-
মাথাপিছু আয় বেড়েই চলেছে
মনে ভীষণ ফুর্তি,
তাল মিলিয়ে বাড়ছে দেখো
আমাদের ভাবমূর্তি ।
মিন মিন করে কে যেন বললো
ঘোষণাটা সরকারী,
আমরা দেখছি ফ্যাসিবাদী ভাব
মুর্তি স্বৈরাচারী।
আয়ের সাথে ক্রমাগত জিডিপি
বাড়ছে দেখো,
হা করে শুধু কথা গিলো না
হিসেব করতে শেখো !
জিডিপি বাড়লো কেমন করে
বুঝলে না হাদারাম !
উৎপাদন যা হয়েছে দেশের
ধরেছি সেটার দাম।
শ্রমিক বলে, কাজ হারালাম
কমে গেল রোজগার,
তারপরও নাকি আয় বেড়ে গেছে
এ কেমন কারবার ?
তোমরা দেখাও আয় বেড়েছে
আমি দেখি দুর্গতি,
কোটি মানুষের গ্রাস কেড়ে নিয়ে
হয়েছো যে কোটিপতি।
মাথার উপর কাঁঠাল রেখে
খেয়ে করছো মজা,
গন্ধ পাই আর বয়ে বেড়াই
পাকা কাঁঠালের বোঝা।
Exit mobile version