সন্ধান২৪.কম : কখনও মাথায় মাটির পুতুলের ঝুড়ি আর ঠোঁটে শ্যামল মিত্রের ‘পুতুল নেবে গো পুতুল’ গান নিয়ে তৃপ্ত করেছেন দর্শক-শ্রোতাদের। কখনও ‘মাসিমা মালপো খামু’-র মতো সংলাপ বলে লোক হাসিয়েছেন। বাংলা ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায় এ ভাবেই নিজের জাত চিনিয়েছেন দীর্ঘ কয়েক দশক ধরে।

১৯২০-র ২৬ অগস্ট জন্ম সাম্যময় বন্দ্যোপাধ্যায়ের। স্বদেশি বিপ্লবী, কলকাতায় এসে চাকরি, মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ, শচীনদেব বর্মনের অন্ধ অনুরাগী এই সাম্যময়ই পর্দার ভানু। সুচন্দ্রা ভানিয়ার প্রযোজনায় জাস্ট স্টুডিও-র শ্রদ্ধার্ঘ্য ‘ভানু একাই ১০০’ তথ্যচিত্রে ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্মশতবর্ষ উজ্জ্বল। যা দেখা যাবে প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেলে। ‘মিস প্রিয়ংবদা’, ‘ভানু পেল লটারি’,‘সাড়ে চুয়াত্তর’, ‘ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট’, ‘৮০তে আসিও না’, ‘যমালয়ে জীবন্ত মানুষ’, বা ‘ভ্রান্তিবিলাস’-এর মতো অসংখ্য ছবি তাঁর অভিনয় গুণে সরস।