ওয়াশিংটন: আমেরিকার অন্দরে তুমুল বিতর্ক চলছে ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে। তার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার নিয়ন্ত্রণের চেষ্টা ব্যর্থ হল। বুধবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে ৫৩-৪৭ সংখ্যাগরিষ্ঠতায় খারিজ হয়ে গেল ট্রাম্প বিরোধী প্রস্তাব।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনেইয়ের উপর হামলা করে ইজরায়েল-আমেরিকার যৌথ বাহিনী। পশ্চিম এশিয়ায় এভাবে আমেরিকায় যুদ্ধে জড়িয়ে পড়াটাকে মোটেই ভালো চোখে দেখছে না মার্কিন কংগ্রেসের বহু সদস্য। বিশেষত কংগ্রেসকে অন্ধকারে রেখে যেভাবে ট্রাম্প একতরফা যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছেন, তার বিরোধিতা করে প্রস্তাব আনা হয় সেনেটে। আর এই প্রস্তাবকে কেন্দ্র করে ডেমোক্র্যাট-রিপাবলিকান ঐক্য ছিল চোখে পড়ার মতো। ‘ওয়ার পাওয়ার অ্যাক্ট’ মেনে ট্রাম্প যাতে যুদ্ধের জন্য কংগ্রেসের কাছে দায়বদ্ধ থাকেন, তার জন্য যৌথভাবে প্রস্তাব আনেন ডেমোক্র্যাট টিম কেইন এবং রিপাবলিকান র্যান্ড পল।
এমনিতে সেনেটে রিপাবিলকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে অনেক রিপাবলিকানই পশ্চিম এশিয়ায় যুদ্ধে আমেরিকাকে জড়িয়ে পড়া নিয়ে ট্রাম্পের উপর ক্ষুব্ধ। এই পরিস্থিতিতে প্রস্তাব ঘিরে ভোটাভুটির ফলের দিকে তাকিয়ে ছিলেন অনেকেই। তবে সব জল্পনা উড়িয়ে ট্রাম্পের পাশে দাঁড়ালেন অধিকাংশ সেনেটর। যার অর্থ আমেরিকার যুদ্ধে জড়িয়ে পড়ায় সম্মতি রয়েছে কংগ্রেসের।
এদিন টিম বলেন, ‘ইরানের পক্ষ থেকে আমেরিকার কোনো ঝুঁকি ছিল, এমন প্রমাণ মেলেনি। তাই ইরানের উপর আক্রমণ অনৈতিক।’ তবে অধিকাংশ রিপাবলিকানই ট্রাম্পের পক্ষে দাঁড়িয়ে যান।
