দিল্লিতে রাতভর তুমুল গুলির লড়াই, আইএস জঙ্গির নাশকতার ছক বানচাল

গুলির লড়াইয়ের পর গ্রেফতার সন্দেহভাজন 

সন্ধান২৪.কম : দিল্লির বুকে বড়সড় নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ। তুমুল গুলির লড়াইয়ের পর আইইডি বিস্ফোরক-সহ এক আইএসআইএস (ISIS) জঙ্গিকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। ধৃতের নাম আবু ইউসুফ খান বলে জানা গিয়েছে।

ডেপুটি পুলিশ সুপার জানান, শুক্রবার গভীর রাতে ধৌলা কুঁয়া এবং করোল বাগের মাঝে  পুলিশের সঙ্গে আবু ইউসুফ খানের দীর্ঘসময় গুলির লড়াই চলার  পরই তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, আবুর কাছে থেকে একটি পিস্তল এবং ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার হয়েছে।  পুলিশের দাবি, জেরায় আবু জানিয়েছে সে ‘লোন উল্ফ’ সদস্য। রাজধানীতে হামলার ছক ছিল তার। আবু আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা।

এ সপ্তাহের গোড়াতেই দুই আইএস জঙ্গিকে দোষী সাব্যস্ত করে দিল্লি আদালত। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুসলিম যুবকদের জঙ্গি দলে নিয়োগ করার অভিযোগ ছিল ওই দু’জনের বিরুদ্ধে।  একটি মামলায় যে ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট এনেছে, সেই তালিকায় রয়েছে আবু আনাস এবং নাজমুল হুদা নামে ওই দু’জন। এনআইএ সূত্রে খবর, জুনুদ-উল-খিলাফা-ফিল-হিন্দ নামে একটি সংগঠন তৈরি করেছিল এই অভিযুক্তরা। এই সংগঠনটি আইএস-এর সঙ্গে জড়িত বলে দাবি এনআইএ-র। আনন্দ বাজার পত্রিকা

 

Exit mobile version