দুনিয়ার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, উদ্বিগ্ন আমেরিকা

ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড তৈরি হয়েছে

সন্ধান২৪.কম : গত রবিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের একটি স্থানে তাপমাত্রা রেকর্ড করা হয়। ফারনেস ক্রিক নামের জায়গাটিতে সেদিন তাপমাত্রা ৫৪.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় বলে নিশ্চিত করেছে মার্কিন আবহাওয়া কর্তৃপক্ষ।এই তাপমাত্রা বাড়ার কারণে আমেরিকাসহ বিশ্বের পরিবেশবাদীরা উদ্বেগ প্রকাশ করেছে।

দেশটির পশ্চিম উপকূল জুড়ে তাপপ্রবাহ চলতে থাকায় এই সপ্তাহে তাপমাত্রা আরও বাড়তে পারে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস। 

রবিবারের ৫৪.৪ ডিগ্রি সেলসিয়াসের আগে রেকর্ড করা সবচেয়ে নির্ভরযোগ্য সর্বোচ্চ তাপমাত্রাটিও ছিলো যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের। ২০১৩ সালে স্থানটির তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। তবে প্রায় এক শতাব্দী আগে ওই স্থানের তাপমাত্রা ৫৬.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর কথা জানা যায়। তবে বেশ কিছু আবহাওয়া বিশেষজ্ঞ মনে করেন ওই তাপমাত্রা পরিমাপে ভুল ছিল। সেই বছরের গ্রীষ্মের আরও কিছু তাপমাত্রার রেকর্ড দেখিয়ে ওই দাবি করে থাকেন তারা।

আবহাওয়া ইতিহাসবিদ ক্রিস্টোফার ব্রাট ২০১৬ সালে এক বিশ্লেষণে দেখান যে, ১৯১৩ সালে ওই অঞ্চলের আরও কিছু তাপমাত্রার রেকর্ড ডেথ ভ্যালিতে ৫৬.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পক্ষে মতামত দিচ্ছে না। এছাড়া ১৯৩১ সালে তিউনিসিয়াতেও ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডের কথা জানা গেলেও ব্রাট মনে করেন উপনিবেশিক যুগে আফ্রিকায় রেকর্ড করা আরও বেশি কিছু তাপমাত্রার নির্ভরযোগ্যতা নিয়ে মারাত্মক সন্দেহ থেকে গেছে।

তবে গত রবিবার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের ফারনেস ক্রিকের তাপমাত্রা ৫৪.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া কর্তৃপক্ষ। তীব্র তাপপ্রবাহের কারণে গত শনিবারই বিকল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বিদ্যুৎ কেন্দ্র। ফলে টানা দুই দিন ধরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে ওই অঞ্চল।

 

Exit mobile version