ধ্বংসস্তুপে ছোট্ট ভাইকে আগলে রেখেছে সাত বছরের বোন!

সন্ধান২৪.কমঃ একটি ভিডিয়োতে দেখা গিয়েছে ছোট্ট দুই ভাইবোনের বাঁচার করুণ আর্তি। তাদের মাথার উপরেই ভেঙে পড়েছে গোটা বাড়ি। ধ্বংসস্তুপের ফাঁকে আশ্রয় নিয়ে কোনও রকমে নিজেদের বাঁচিয়ে রেখেছে দু’জন। দুই শিশুকেই উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে হাসপাতালে।
মেয়েটির বয়স মাত্র ৭ বছর। আর তার পাশেই দেখা গিয়েছে তার ছোট্ট ভাইকে। ভাইয়ের মাথা নিজের হাতে আগলে রেখেছে দিদি।

সিএনএন সূত্রে খবর, নিজেদের বাড়ির ধ্বংসস্তূপে প্রায় ৩০ ঘণ্টা আটকে ছিল ভাইবোন। অবশেষে উদ্ধারকারী দল পাথর সরিয়ে তাদের বার করে আনতে পেরেছে। ভিডিয়োটি সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিয়োতে যে মেয়েটিকে দেখা গিয়েছে তার নাম মারিয়ম। ছোট ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল সে। ধ্বংসস্তূপের মাঝে ধুলোবালি যাতে ভাইয়ের চোখেমুখে না ঢোকে, নিজের ছোট্ট হাত দিয়ে সেই চেষ্টাই সে করছিল। ভিডিয়োটিতে তাদের বিছানার উপরে শুয়ে থাকতে দেখা গিয়েছে। বাড়ি ভেঙে পড়ার সময় ভাইবোন বিছানায় শুয়ে ছিল বলে মনে করছেন অনেকে।
একের পর এক ভূমিকম্প এবং আফটার শকে বিধ্বস্ত সিরিয়া এবং তুরস্ক। এতে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে সমাজমাধ্যমে সিরিয়ার ধ্বংসস্তূপের একটি ভিডিয়ো আলোড়ন সৃষ্টি করেছে ।

Exit mobile version