নতুন নায়িকা নিয়ে করোনার সিনেমা

সন্ধান ২৪.কম:নতুন নায়িকা হিসেবে অভিষেক হলো রেহনুমা মোস্তফা
করোনা মহামারির সময়কার জীবন নিয়ে তৈরি হয়েছে সিনেমা ‘লকডাউন লাভ স্টোরি’। শাহ আলম মণ্ডল পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন ইমন। আর এই চলচ্চিত্রে ইমনের বিপরীতে অভিষেক হলো নতুন নায়িকা রেহনুমা মোস্তফার।

‘লকডাউন লাভ স্টোরি’ ছবির একটি দৃশ্যে ইমন ও রেহনুমা
‘লকডাউন লাভ স্টোরি’ ছবির একটি দৃশ্যে ইমন ও রেহনুমাছবি: সংগৃহীত
শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে ‘লকডাউন লাভ স্টোরি’ ছবিটি। একই সঙ্গে ওটিটি এবং প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক শাহ আলম মণ্ডল। মুক্তির আগে গত শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ছিল ছবিটির উদ্বোধনী প্রদর্শনী। সেখানে আসা অতিথিরা ছবিটি দেখে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন

রেহনুমা মোস্তফা প্রথমবার কোনো সিনেমায় অভিনয় করলেন

এই চলচ্চিত্রের মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শাহ আলম মণ্ডলের সিনেমা। ৮ মার্চ চলচ্চিত্রটি মুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তিনি বলেন, ‘সময়োপযোগী একটি চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করেছি। করোনা মহামারির এই সময়ে আমাদের যাপিত জীবনে লকডাউনের যে প্রভাব, তার একটা চিত্র ফুটে উঠবে এই চলচ্চিত্রে। করোনার ঘরবন্দী সময়ে ভালোবাসা কেমন ছিল, সে গল্পও উঠে আসবে। প্রিমিয়ারে আমন্ত্রিত অতিথিরা ছবিটি দেখে তাঁদের ভালো লাগার কথা জানিয়েছেন। সবার এই ভালো লাগা আমাকে সাহস দিয়েছে, অনুপ্রাণিত করেছে।’

ছবির নায়ক ইমন বলেন, ‘এই ধরনের গল্প সচরাচর আমাদের জীবনে আসে না। করোনার এই সময়ে পরিচালক ভিন্নধর্মী এই গল্পটা ভেবেছেন। এমন একটি গল্পের অংশ হতে পেরে আমার ভালো লেগেছে। পরিচালক ছবিটি বানিয়েছেন যত্নের সঙ্গে। আমার বিশ্বাস এই ধরনের চলচ্চিত্র দর্শকদের ভালো লাগবে।’ ছবির নায়িকা রেহনুমা মোস্তফা প্রথমবার বড় পর্দার সিনেমায় অভিনয় করলেন। তিনি বললেন, ‘করোনাকালে মানুষের জীবন ও চারপাশের পরিবেশকে কেন্দ্র করে একটি বিশেষ চলচ্চিত্র তৈরি হয়েছে। আমি সেই বিশেষ চলচ্চিত্রের অংশ হতে পেরেছি, এটা নিঃসন্দেহে ভালো লাগার।’

Exit mobile version