এক সময় শুধু মডেল পরিচয়েই মিডিয়ায় কাজ করেছেন আফরান নিশো। বর্তমানে নাটকের শীর্ষ অভিনেতাদের একজন তিনি। বিশেষ করে একখণ্ডের নাটকে তার অভিনয় দর্শকের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পাচ্ছে।
অভিনয়ের এ ব্যস্ত সময়েও তিনি দীর্ঘ বিরতির পর টিভি বিজ্ঞাপনে অভিনয় করলেন। একটি কোমল পানীয়ের এ বিজ্ঞাপনের জন্যও দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন নিশো। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিজ্ঞাপনই ছিল এক সময় আমার মূল কাজ।
কিন্তু সাম্প্রতিক সময়ে অভিনয়ের ব্যস্ততা বৃদ্ধি পাওয়ায় সেদিকে আর কাজ করার সুযোগ পাইনি। বিজ্ঞাপনে কাজের প্রস্তাব পাই সারা বছর। এ বিজ্ঞাপনের জন্য দর্শক মহল থেকে দারুণ সাড়া পাচ্ছি। ভালো গল্পের বিজ্ঞাপন হলে আবারও কাজ করব।’ এদিকে আগামী ঈদের নাটকের অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন নিশো।
