নাইজেরিয়া বাংলাদেশ হাইকমিশনে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপিত

সন্ধান২৪.কম : গত ৫ আগষ্ট নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭১তম জন্ম বার্ষিকী  পালন করা হয়। অনুষ্ঠানসূচীর মধ্যে ছিল পবিত্র কোরআন তেলাওয়াত, শহীদ শেখ কামালের জীবনীর উপর প্রামাণ্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, জন্মদিনের কেক-কাটা এবং বিশেষ মোনাজাত।

  আলোচনা পর্বে হাইকমিশনার মোঃ শামীম আহসান শেখ কামালের  বর্ণ্যাঢ্য জীবনের কথা বলতে গিয়ে বলেন, শেখ কামাল শুধুমাত্র একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ক্রীড়া জগতের আধুনিক ধারার স্থপতি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে দেশে ও বিদেশে বাংলাদেশের অসামান্য সাফল্যের কথা তুলে ধরে হাইকমিশনার বলেন যে আগামী দিনগুলোতে এক্ষেত্রে শেখ কামালের অসাধারণ অবদান যুব সমাজকে প্রেরণা যোগাবে।  মিশনের তৃতীয় সচিব জনাব মোহাম্মদ শাহ ইকরামুল হক এর সঞ্চালনায় আলোচনা পর্বে জনাব মোহাম্মদ শাহ ইকরামুল হক এবং কম্যুনিটি নেতা জনাব মো: আকবর হোসেনও বক্তব্য রাখেন।

সবশেষে শহীদ শেখ কামাল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দ এবং মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে মিশনের কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত নাইজেরিয়ার অতিথিবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version