নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার হয়ে যাবে “রাম রাজত্ব”,করা হবে মিষ্টি বিতরণ

বিজ্ঞাপন বিলবোর্ডে ভেসে উঠবেন ‘ধনুকধারী ভগবান রাম’

সন্ধান২৪.কম ডেস্ক : একদিকে অযোধ্যার দেওয়ালে শোভা পাবে রামায়ণের ছবি ।  আর অন্যদিকে  রামমন্দিরের ত্রিমাত্রিক ছবি  দেখা যাবে  নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে ।

রামমন্দির ঘিরে উদ্দীপনার আঁচ পৌঁছেছে ভিন্ দেশেও। অনাবাসী ভারতীয়দের একাংশের উদ্যোগে  নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ারের বিজ্ঞাপনের বিলবোর্ডে ভেসে উঠবেন ‘ধনুকধারী ভগবান রাম’। ত্রিমাত্রিক ছবি দেখা যাবে মন্দিরের প্রস্তাবিত নকশারও। অন্য দিকে কটাক্ষ, ডোনাল্ড ট্রাম্পের দেশে করোনা সব থেকে জোরালো কামড় তো বসিয়েছে নিউ ইয়র্কেই !  

আগামী ৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের (Ram Temple Ayodhya) জন্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঐতিহাসিক মুহূর্তে ভগবান রাম (Lord Ram) এবং অযোধ্যা মন্দিরের থ্রিডি ছবি ফুটে উঠবে সুদূর মার্কিন মুলুকে। নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ারে (Times Square in New York) ওই ছবি দেখবেন অসংখ্য মানুষ, বর্ণনা করা হবে রাম মন্দিরে ইতিবৃত্তান্ত। আমেরিকান ইন্ডিয়া পাবলিক অ্যাফেয়ার্স কমিটির সভাপতি জগদীশ শেওয়ানি বলেছেন, যে ঐতিহাসিক মুহূর্তে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মোদি, ঠিক সেই সময়েই আমেরিকার মানুষজন তাঁদের প্রিয় টাইমস স্কোয়ারে ভগবান রাম ও অযোধ্যা মন্দিরের দর্শন করতে পারবেন। শেওয়ানি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে জানিয়েছেন যে, ইতিমধ্যেই টাইমস স্কোয়ারের বিলবোর্ডগুলো এই অনুষ্ঠানের জন্য ভাড়া করার কথা পাকা হয়ে গেছে। থাকছে দৈত্যাকার ন্যাসডাক স্ক্রিন এবং ১৭,০০০ বর্গফুট বিশিষ্ট একটি এলইডি ডিসপ্লে স্ক্রিন, যেখানে ওই ছবিগুলো দেখানো হবে। জগদীশ শেওয়ানি বলেছেন, সেই সময় নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার হয়ে যাবে “রাম রাজত্ব”, করা হবে মিষ্টি বিতরণ ।

জানা গেছে, ৫ অগাস্ট সকাল ৮ টা থেকে শুরু করে রাত ১০ টা পর্যন্ত দিনভর হিন্দি ও ইংরেজিতে ‘জয় শ্রী রাম’ শব্দটি ফুটে উঠবে। এছাড়া সারাদিন ধরে বিলবোর্ডে দেখানো হবে ভগবান রামের প্রতিকৃতি এবং নানা ভিডিও। দেখানো হবে রাম মন্দিরের নকশা ও স্থাপত্যের থ্রি ডি প্রতিকৃতি। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদির ভিত্তি প্রস্তর স্থাপনের ছবিও বিলবোর্ড জুড়ে প্রদর্শিত হবে। ফলে ৫ অগাস্ট বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র টাইমস স্কোয়ার হয়ে যাবে একরকম “রাম রাজত্ব”।

রামমন্দিরের শিলান্যাস ঘিরে এখন সাজ সাজ রব। প্রস্তুতিতে ফাঁক নেই এক চুলও। কিন্তু তার মধ্যেই কাঁটার মতো বিঁধছে সেই কোভিড। এই সংকটময় সময়ে কেন রাম মন্দির উদ্বোধন করা হচ্ছে ? সে প্রশ্নও প্রবল ভাবে দেখা দিয়েছ।

রামলালার মন্দিরের সহকারী পুরোহিত প্রদীপ দাসের করোনা ধরা পড়ায় এমনিতেই রক্তচাপ বেড়েছে অযোধ্যা প্রশাসনের। কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা অন্তত ১৫ জন পুলিশকর্মীর করোনা সংক্রমণ। সেই দুশ্চিন্তার মেঘ আরও গভীর করে গত ২৪ ঘণ্টায় অযোধ্যা জেলায় নতুন করে করোনা ধরা পড়েছে ১৪২ জনের। এখনও পর্যন্ত এক দিনে যা সর্বাধিক। ফলে মন্দির নিয়ে প্রচারের কাড়া-নাকড়ার মধ্যে মৃদু হলেও প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে ভূমিপূজার অনুষ্ঠান কেন? বিশেষত যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী-সহ বহু বয়স্ক ভিভিআইপি আমন্ত্রিত, সেখানে বিষয়টা ঝুঁকির হয়ে যাচ্ছে না কি?

করোনা-সঙ্কটের মধ্যে স্বাস্থ্যবিধিকে ‘বুড়ো আঙুল দেখিয়ে’ প্রধানমন্ত্রী কেন শিলান্যাস অনুষ্ঠানে যাবেন, তা নিয়ে হাওয়া গরম হলেও আবার হিন্দুত্বের দৌড়ে পিছিয়ে পড়তে নারাজ অধিকাংশ দলই। রামমন্দিরকে ভারতবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বলে আখ্যা দিয়ে তার শিলান্যাসকে স্বাগত জানিয়েছেন অনেকেই ।  সুতরাং করোনার দাপট কাঁটা হলেও তা ম্লান করতে পারেনি মন্দির ঘিরে উদ্দীপনাকে।

সারা দেশের বিভিন্ন মন্দির আর তীর্থক্ষেত্র থেকে মাটি আসছে। রাস্তা ধরে ক্ষণে ক্ষণে সাইরেন বাজিয়ে ছুটছে পুলিশের গাড়ি। নিরাপত্তা নিশ্চিত করতে ঘুম ছুটেছে তাদের। এক স্থানীয় পুলিশকর্তা বলছিলেন, “এখন থেকে সারা বছরই নিরাপত্তার চাদরে মোড়া থাকবে এই তল্লাট। বিশেষত করে মন্দিরের আশেপাশে।”

 

Exit mobile version