সন্ধান২৪.কম ডেস্ক : বালু ব্যবসার বিরোধে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার জেরে গণপিটুনিতে নিহত যুবলীগ কর্মী মেহেদী হাসানের (৩১) মরদেহ ৩৬ ঘণ্টা পর মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সোয়া ৪টার বুঝে নিয়েছেন তার স্ত্রী।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পুলিশি নিরাপত্তায় স্ত্রী মীম আক্তারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। নিহত স্বেচ্ছাসেবক দলের নেতার নাম মো. সুরুজ জামান (৩৫) একই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।
মরদেহ নেওয়ার পর মীম আক্তার অভিযোগ করেন, স্বামীকে নিজ এলাকা মধ্য বাড়েরায় দাফন করতে চাইলেও পুলিশ নিরাপত্তার অজুহাতে সেখানে যেতে দিচ্ছে না। এ কারণে তিনি মরদেহ নিয়ে মেহেদীর নানার বাড়ি মাসকান্দার গণসার মোড় এলাকায় অবস্থান করছেন।

তবে পুলিশ বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের ভাষ্য, নিজ এলাকায় মরদেহ নেওয়া হলে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে স্বজনদের সতর্ক করা হয়েছে এবং দাফনের স্থান নিয়ে আলোচনা চলছে।
এর আগে, গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর মধ্য বাড়েরা এলাকায় ছোট মেয়ের সামনেই ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সুরুজ্জামানকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়। স্বজনদের দাবি, বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
এ হত্যাকাণ্ডের জেরে রবিবার দিবাগত রাত ১টার দিকে উত্তেজিত জনতা যুবলীগ কর্মী মেহেদীর বাড়িতে আগুন দেয়।
আগুনের খবর পেয়ে মেহেদী ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ লোকজন তাকে পিটুনি দেয়। পরে সোমবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।