পর্নোগ্রাফি মামলায় অভিনেতাসহ কারাগারে অনন্য মামুন

পরিচালক অনন্য মামুন (বাঁয়ে) ও ‘নবাব এলএলবি’ ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করা শাহীন মৃধা (ডানে)

সন্ধান২৪.কম: পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে পর্নোগ্রাফি আইনে করা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

‘নবাব এলএলবি’ চলচ্চিত্রের একটি দৃশ্যে পুলিশকে হেয় করার অভিযোগে রাজধানীর রমনা থানায় পর্নোগ্রাফি আইনে ডিএমপি সাইবার ক্রাইম ইউনিটের পুলিশ পরিদর্শক মো. নসিরুল আমিন বাদী হয়ে অনন্য মামুন ও শাহীন মৃধার বিরুদ্ধে মামলা করেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে এ আদেশ দিয়েছেন ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম।

এ মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে মিরপুরের নিজ বাসা থেকে অনন্য মামুনকে আটক করে ডিবি পুলিশ। তারপর তাকে গ্রেফতার দেখানো হয়। শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ আদালতে আসামিদের আটক রাখার আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত।

জানা যায়, ১৬ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি দেওয়া হয়েছিল ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রটি। চলচ্চিত্রর একটি দৃশ্য পুলিশকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। দৃশ্যে দেখানো হয়েছে, ধর্ষণের শিকার এক নারী মামলা করার জন্য থানায় যান। সেখানে পুলিশের এক এসআই ঐ নারীকে ধর্ষণ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন, যা নিয়ে আপত্তি করে পুলিশ।

 

Exit mobile version