ইসরাইলের পার্লামেন্ট ভেঙ্গে দিতে সম্মত হয়েছেন প্রধানমন্ত্রী নাফটালি বেনেট এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ। পার্লামেন্টের সংকট সমাধানে দেশটিতে অনুষ্ঠিত হবে নতুন নির্বাচন। এর আগে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন লাপিদ। ইসরাইলি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে এ খবর দিয়েছে আরব নিউজ।
খবরে জানানো হয়, আগামি সপ্তাহেই লাপিদ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। এ নিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছেন বেনেট এবং লাপিদ। ২০২১ সালের জুন মাসে তারা দুইজন একটি জোট গঠন করে সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সরিয়ে দিয়েছিলেন। ইসরাইলের ইতিহাসের সবথেকে বেশি সময় প্রধানমন্ত্রী ছিলেন নেতানিয়াহু। তাকে সরাতে আরবদের সঙ্গেও জোট বাধেন লাপিদ ও বেনেট। তবে প্রথম থেকেই জোটের দলগুলোর মধ্যে বিভিন্ন ইস্যুতে অস্বস্তি লক্ষ্য করা গেছে।
পার্লামেন্টেও ক্ষমতাসীন জোটের সংখ্যাগরিষ্ঠতা ছিল সামান্য ব্যবধানের। ফলে যখন বিভিন্ন ইস্যুতে এমপিরা জোট ত্যাগ করতে শুরু করে, তখন হুমকিতে পড়ে যায় সরকার।
এক পর্যায়ে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায় বেনেটের সরকার। এরপরই এই সংকট সমাধানে নতুন নির্বাচনের ঘোষণা এলো।
