সন্ধান ২৪.কম:ফিলিস্তিনি শিশুদের পক্ষে কথা বলে তোপের মুখে পড়েছেন উদারনৈতিক মার্কিন কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কার্টেজ। নিউইয়র্কের ব্রঙ্কস এবং কুইন্সের একাংশ থেকে নির্বাচিত ওকাসিও গত সপ্তাহে টেক্সাসে এক নির্বাচনি প্রচারণায় বক্তব্য রাখেন।
সেখানে তিনি বলেন, আমেরিকার সীমান্তে যেমন শিশুদের খাঁচায় পুরে রাখা অমানবিক। তেমনি ইসরাইলের ওয়েস্ট ব্যাংকেও কোনো শিশুকে খাঁচায় রাখা অমানবিক। আলেকজান্দ্রিয়া ওকাসিওর এমন বক্তব্যে ক্ষুব্ধ হয়েছেন ইহুদীরা।
নিউইয়র্কের ইহুদী সংগঠন, কুইন্স জুইস কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মিখায়েল নুসবাউম বলেন, এই উক্তির মাধ্যমে ওকাসিও ইসরাইলের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উস্কে দিয়েছেন।
তিনি বলেন, একজন জনপ্রতিনিধি যখন এভাবে ইসরাইলকে লক্ষ্য করে কিছু বলেন তখন কুইনসে বসবাসরত ইহুদীদের উদ্বিগ্ন হওয়ার অনেক কারণ রয়েছে। মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে যখন কোনো জনপ্রতিনিধি এমন কথা বলেন তখন আলোচনা ও গণতন্ত্র ক্ষতিগ্রস্থ হয়।
