ফের ‘নেগেটিভ’ হাফিজ, দল যাচ্ছে দশ জন ছাড়া

সন্ধান২৪.কম ঃ  মহম্মদ হাফিজকে নিয়ে নাটক অব্যাহত। গত কয়েক ঘণ্টায় করোনা পরীক্ষায় ‘পজিটিভ, নেগেটিভ, পজিটিভ’ হয়ে এ দিন আবার ‘নেগেটিভ’ হয়েছেন পাকিস্তানের স্পিনার-অলরাউন্ডার। 

পাক বোর্ডের আয়োজিত করোনা পরীক্ষায় প্রথমে হাফিজ-সহ দশ ক্রিকেটারের সংক্রমণ ধরা পড়ে। এর পরে নিজের দায়িত্বে করোনা পরীক্ষা করিয়ে হাফিজ জানান, তাঁর পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এসেছে। পাক বোর্ড যা নিয়ে ক্ষিপ্ত হয়ে জানায়, ব্যক্তিগত পরীক্ষাকে আমল দেওয়া হবে না। গত কালই পাক বোর্ড জানিয়েছিল, হাফিজের পরীক্ষার ফল ‘পজিটিভ’। অর্থাৎ, তাঁর শরীরে গত কাল পর্যন্ত সংক্রমণ ছিল। এ দিন নতুন পরীক্ষার ফল প্রকাশ করেছে পাক ক্রিকেট বোর্ড। তাতে জানানো হয়েছে, যে দশ জনের করোনা ধরা পড়েছিল তাঁদের নতুন এই পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এসেছে। এই তালিকায় রয়েছেন হাফিজ। তাঁর সঙ্গে সংক্রমণমুক্তদের মধ্যে রয়েছেন ওয়াহাব রিয়াজ, ফকর জমান, শাদাব খান, মহম্মদ রিজোয়ান এবং মহম্মদ হাসনাইন। দলের ম্যানেজার এবং বাকি চার ক্রিকেটারের এখনও সংক্রমণ রয়েছে বলে রিপোর্ট এসেছে। 

 রবিবারই ইংল্যান্ডের উদ্দেশে রওনা হচ্ছে পাকিস্তান দল। যা নিয়ে ক্রিকেট দুনিয়ায় রীতিমতো উত্তেজনা এবং আগ্রহ রয়েছে। বিশেষ করে যে নাটকীয় পরিস্থিতির মধ্যে পাক দল রওনা হচ্ছে। দশ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ার পরেও কোনও দলের বিদেশ সফরে বেরিয়ে পড়া নিয়ে তর্ক-বিতর্কও চলছে। তবে হাফিজ, ওয়াহাব-সহ যে ক্রিকেটারদের করোনা ধরা পড়েছিল, তাঁরা কেউ রবিবার দলের সঙ্গে যেতে পারবেন না। ইংল্যান্ডে ঢুকতে গেলে করোনা যাঁদের ধরা পড়েছে তাঁদের অন্তত পর-পর দু’টি পরীক্ষার ফল ‘নেগেটিভ’ আসতে হবে। তবেই তাঁরা সফরে যাওয়ার যোগ্য হবেন। এই নিয়ম অনুযায়ী, রবিবার দলের সঙ্গে যেতে পারবেন না এক সময় কলকাতা নাইট রাইডার্সে খেলে যাওয়া মহম্মদ হাফিজ বা ২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঝড় তোলা বাঁ হাতি পেসার ওয়াহাব রিয়াজ। পাক বোর্ড জানিয়েছে, এঁদের পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এলে দ্রুত সম্ভব দলের সঙ্গে যোগ দেওয়ার ব্যবস্থা করা হবে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত করোনা ধরা পড়া ক্রিকেটারের আগমন নিয়ে নিষেধাজ্ঞার কথা জানায়নি। 
Exit mobile version