সন্ধান২৪.কম ডেস্ক: তালিবানরা এখনও আছে উগ্র তালিবানেই। এবার জানা গেল আফগানিস্তানের এক মহিলা বক্সারের কথা। যাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল তালিবান। শেষ পর্যন্ত দেশ ছেড়েছেন সেই বক্সার।
আফগানিস্তান এই জেহাদিদের দখলে চলে যাওয়ার পর থেকেই ক্রমে পরিষ্কার হয়ে গিয়েছে তাদের চরিত্র। মুখে তারা যাই বলুক, আদতে কোনও পরিবর্তন হয়নি তালিবানের মানসিকতায়। বারবারই প্রমাণ মিলেছে তালিবানি উগ্রতার।
লাইটওয়েট বক্সার সিমা রেজাই নামের ওই তরুণী জানিয়েছেন, ”আগস্টের মাঝামাঝি তালিবান কাবুল দখল করার পরও আমি কোচের কাছে অনুশীলন চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু এরপর কিছু লোক তালিবানকে জানিয়ে দেয়, এই এলাকায় এক তরুণী থাকে, যার কোচ পুরুষ। এরপরই আমাকে হাতে লেখা চিঠি দিয়ে হুমকি দেওয়া হয়। তালিবান জানিয়ে দেয়, যদি আমি অনুশীলন চালিয়ে যাই কিংবা আমেরিকায় গিয়ে বক্সিং করি তাহলে আমাকে মেরে ফেলা হবে।”
মহিলা বক্সিংয়ে আফগানিস্তানের জাতীয় দলের সদস্য রেজাই নামজাদা বক্সার। তিনি ১৬ বছর বয়সে অনুশীলন শুরু করেন। যদিও বাবার অপছন্দ ছিল মেয়ের বক্সিং করা। তবুও কোচের অধীনে অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু এবার তালিবানের হুমকি পাওয়ার পরে দেশ ছেড়েছেন তরুণী। কাতারের উদ্দেশে যাত্রা করেছেন তিনি। তারপর শুরু হবে মার্কিন ভিসার অপেক্ষা। সেটা পেয়ে গেলেই উড়ে যাবেন আমেরিকা। তারপর সেখানেই পেশাদার বক্সিংয়ের কেরিয়ার শুরু করবেন।
