সন্ধান২৪.কমঃ প্রায়ই বাবা-মাকে মারতো বড় ছেলে হজরত আলী । সর্বশেষ গত ১ মার্চ বৃদ্ধা মাকে লাঠি দিয়ে বেধড়ক পিটুনি দেয় হজরত আলী। অভাবের সংসারে সম্পত্তি ভাগবাঁটোয়ারার দাবিতে প্রায়ই শারীরিক নির্যাতন করে বাবা-মাকে। দিন দিন বাড়তে থাকে নির্যাতনের মাত্রা; পালটে যেতে থাকে নির্যাতনের ধরন। কয়েক দিন আগে বাবাকেও গাছের সঙ্গে বেঁধে অমানুষিক নির্যাতন করে।
গত সোমবার বিচার পেতে বাবা-মা হাজির হন উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে। বাবা-মার প্রতি সন্তানের এমন অমানবিক নির্যাতনের বিষয়টি আমলে নিয়ে ইউএনও গতকাল মঙ্গলবার স্থানীয় জনপ্রতিনিধিসহ হাজির হন বাড়িতে। তাদের আগমনের খবর পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান নির্যাতনকারী সন্তান। এ ঘটনা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের ফানুর গ্রামের।
জানা গেছে, ঐ গ্রামের বৃদ্ধ মো. আ. আজিজ শেখ (৯০) ও হালেমা খাতুনের (৮০) পাঁচ ছেলে ও দুই মেয়ের মধ্যে মেয়েরা বিবাহিত ও চার ছেলে অন্যত্র অবস্থান করেন । বড় ছেলে হজরত আলীসহ অন্যরাও বাবা-মার ভরণ-পোষণ কিংবা খোঁজখবরও নেন না। তবে সম্পত্তি ভাগবাঁটোয়ারার জন্য রয়েছে সবার চাপ। বাবা-মার প্রতি উদাসীন সন্তানদের সম্পত্তি ভাগ করে দিলে এ বয়সে কষ্ট আরও বাড়বে এমন আশঙ্কায় সন্তানদের কথায় রাজি হননি তারা। মূলত এ বিষয়টি নিয়েই দ্বন্দ্বের শুরু।
