সন্ধান২৪.কম : ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সফল অস্ত্রোপচারের পর ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন । সোমবার তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। ওই অস্ত্রোপচারের সাহায্যে প্রণববাবুর মস্তিষ্কে জমে থাকা রক্ত বা ব্লাড ক্লট বার করে দেওয়া হয়েছে। আপাতত দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
করোনাভাইরাস সংক্রমণের শিকার হওয়ার কথা জানিয়েছিলেন এ দিনই টুইটারে প্রণব । অস্ত্রোপচারের আগে তাঁর সংক্রমণ ধরা পড়ে। এর পরই গত এক সপ্তাহে তাঁর সংস্পর্শে আসা সকলকে অবিলম্বে কোভিড-১৯ পরীক্ষার পরামর্শও দিয়েছেন প্রণব।
দিল্লির একটি হাসপাতালে প্রাক্তন রাষ্ট্রপতির সোয়াব টেস্ট হয়েছিল। এ দিন সকালে তিনি নিজেই টুইটারে লেখেন, ‘‘অন্য একটি কারণে হাসপাতালে যাওয়ার পরে আমার কোভিড-১৯ পরীক্ষা হয়েছিল। আজ রিপোর্ট পজিটিভ এসেছে। এই পরিস্থিতিতে অনুরোধ করছি, গত এক সপ্তাহে আমার সস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁরা যেন নিভৃতবাসে যান এবং কোভিড-১৯ পরীক্ষা করান।’’প্রাক্তন রাষ্ট্রপতির টুইটের পরেই উদ্বেগ ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তাঁর স্বাস্থ্যের খবর নেওয়ার জন্য সক্রিয়তাও শুরু হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল আজ প্রণবের দ্রুত আরোগ্য কামনায় টুইট-বার্তা পাঠিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এদিন বিকেলে প্রণবকে দেখতে সেনা হাসপাতালে যান।
