সন্ধান২৪.কম : গত কয়েক বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য ভয়াবহ দাবানলের কবলে পড়েছে। আগুন নেভাতে গিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ওই হেলিকপ্টারের পাইলট নিহত হয়েছেন ।
নিহত পাইলট পানিবাহী ওই হেলিকপ্টারে একাই ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য গভর্নর গ্যাভিন নিউসম ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি করেছেন। দাবানলের ঘটনায় এরই মধ্যে সেখানকার ৫০টির মতো স্থাপনা আগুনে পুড়ে গেছে। আরো ৫০টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
গভর্নর গ্যাভিন নিউসম বলেন, এমন আগুন অনেক অনেক বছর দেখিনি। দ্রুত দাবানল ছড়িয়ে পড়ায় কয়েক হাজার মানুষকে এরই মধ্যে পার্শ্ববর্তী সান ফ্রান্সিসকোতে সরিয়ে নেওয়া হয়েছে। সবচেয়ে ঝুঁকিতে পড়েছে এক লাখ বাসিন্দার ভ্যাকাভিল শহর। গতকাল আগুনের ভয়াবহ তাণ্ডবে বহু ভবন ও স্থাপনা পুড়ে গেছে এবং হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ বলছে, বুধবার পর্যন্ত ৭২ ঘণ্টায় ১১ হাজার বিদ্যুৎ চমকানি আর বজ্রপাতের ঘটনা ঘটেছে, যা থেকে ৩৬৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
