সন্ধান২৪.কমঃ দূরপাল্লার এসি বাসে প্লাস্টিকের ঝুড়িতে করে পাচার করার সময় ‘মহাবিপন্ন’ প্রজাতির একটি উল্লুক উদ্ধার করা হয়েছে। এ অপরাধে মো. জুয়েল রহমান ওরফে সোহেল নামে এক যুবককে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আটক সোহেল খুলনা নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের হাফিজনগর এলাকার মজিবুর রহমানের ছেলে। উদ্ধারকৃত উল্লুকটি কুমিল্লা সামাজিক বন বিভাগে হস্তান্তর করা হলে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম. তানভীর আহমেদ ও বন কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এ অভিযান পরিচালনা করে।

জানা যায়, বিরল প্রজাতির একটি উল্লুক পাচার করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে কুমিল্লা ডিবি পুলিশের একটি দল রবিবার রোববার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় পাহারা বসায়। এসময় কক্সবাজার থেকে খুলনাগামী একটি এসি বাসে তল্লাশি করে উল্লুকটি উদ্ধারসহ মো. জুয়েল রহমান ওরফে সোহেলকে (২৭) আটক করা হয়।
মঙ্গলবার দুপুরে জেলা ডিবি’র ওসি রাজেশ বড়ুয়া জানান, আটক মো. জুয়েল রহমান ওরফে সোহেল বাজারের ব্যাগ দিয়ে মোড়ানো প্লাস্টিকের ঝুড়িতে করে উল্লুকটি নিয়ে যাচ্ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল বলেছেন, তিনি পার্বত্য জেলা বান্দরবান থেকে বিরল প্রজাতির উল্লুকটি সংগ্রহ করে খুলনা-সাতক্ষীরা সীমান্ত হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।


